ভয়াবহ ভারতবর্ষের দিকে এগোচ্ছি আমরা! মোদীকে ‘মন কা বাতে’র খোঁচা মমতার
ভয়াবহ ভারতবর্ষের দিকে এগোচ্ছি আমরা! মোদীকে ‘মন কা বাতে’র খোঁচা মমতার
একে করোনার মহামারী, তার উপর কেন্দ্রে ভোট পলিটিক্স। কেন্দ্র যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর কোনও তোয়াক্কাই করছে না। নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে রাজ্যের উপর। বিজেপির শাসনে আমরা ভয়াবহ ভারতবর্ষের দিকে এগোচ্ছি। তাই দেশ রক্ষায় জোটবদ্ধ হতে হবে। তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চ থেকে মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মমতা।

ভয়াবহতার দিকে এগোচ্ছে দেশ
বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নতুন শিক্ষানীতি তৈরি করা হয়েছে। একবার আলোচনা করার প্রয়োজন মনে করেনি কেন্দ্র। নেট-জেইই নিয়ে অমানবিক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আমরা সত্যিই এক ভয়াবহতার দিকে এগিয়ে যাচ্ছি।

‘মন কা বাত’ করে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী
তাঁর কথায়, দেশের সরকার শুধু ভাষণ দিয়ে যাচ্ছে। শুধু ‘মন কা বাত' করে বেড়াচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী। করোনার মতো মহামারীর সময়ও মানুষকে ধোঁকা দিয়ে যাচ্ছেন। তাই মোদী সরকারের আর কেন্দ্রের শাসকদলের মুখোশ টেনে খুলে দিতে হবে। তাহলেই দেশ রক্ষা পাবে।

বিজেপির মুখোশ খুলে দেওয়ার বার্তা মমতার
মমতা এদিন গান্ধীজির বাণীকে আশ্রয় করে বলেন, গান্ধীজি বলেছিলেন করেঙ্গে ইয়ে মরেঙ্গে। আমরা বলছি, করব লড়ব জিতব হাসব। আমরা লড়ব কিন্তু মরব না। বিজেপির কালো মুখোশধারী রূপটা টেনে খুলে দেব আমরা। ওরা ভয় দেখালেও আমরা ভয় পাবো না। বিজেপিকে হারাতে আমি লড়ব, মরব না। আমার বিশ্বাস ছাত্রছাত্রীরাও আমার সঙ্গে এই লড়াইয়ে থাকবেন।

মিথ্যা-অপপ্রচারের বিরুদ্ধে এক হওয়ার বার্তা
২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে শেষ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারের দামামা বাজিয়ে দিলেন। তিনি ছাত্রছাত্রী-সহ বাংলার মানুষকে বিজেপির বিরুদ্ধে এক হওয়ার বার্তা দিলেন। বিজেপি যে মিথ্যা অপপ্রচার চালিয়েছিল ২০১৯-এর নির্বাচনের আগে, তার জবাব দেওয়ার ডাক দিলেন মমতা।

রাজনৈতিক মহামারী রুখতে হবে ছাত্রছাত্রীদের
মমতা বলেন, আমরা করোনা মহামারী রুখে দেব। কিন্তু রাজনৈতিক মহামারী আপনাদের রুখতে হবে। তৃণমূল ছাত্র পরিষদের উদ্দেশ্যে এদিন বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ছাত্রছাত্রীদের মধ্যে সঙ্ঘবদ্ধতা রয়েছে। মানুষের পাশে দাঁড়িয়ে বিজেপির এই মুখোশ খুলে দিতে হবে।

বাংলার মানুষের কাছে প্রকৃত সত্য তুলে ধরতে হবে
তিনি বলেন, বিজেপির একটাই বল কুৎসা আর অপপ্রচার রটানো। বিজেপির সেই অস্ত্র ভোঁতা করে দিতে হবে। আর তা পারে একমাত্র ছাত্র-যৌবন। বিজেপি রাজস্থান, বিহার, বাংলাদেশের ভিডিও দেখিয়ে বলছে বাংলায় হয়েছে। বিজেপির এই নোংরা রাজনীতিকে আটকাতে হবে। বাংলার মানুষের কাছে প্রকৃত সত্য তুলে ধরতে হবে।












Click it and Unblock the Notifications