বিজেপি-শাসিত রাজ্যগুলিতেই বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর হামলা ভাষার কারণে, 'সঙ্গত' ক্ষোভে সায় মমতার
বিজেপি-শাসিত রাজ্যগুলিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ভাষার কারণে নির্যাতন করা হচ্ছে। উত্তরবঙ্গে প্রশাসনিক কর্মসূচিতে যোগ দিতে গিয়ে এই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বিজেপিকে দায়ী করে বলেন যে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভরাডুবি আসন্ন বুঝে তারা রাজ্যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে।

ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের ঘটনা প্রসঙ্গে মমতা বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষোভ 'সঙ্গত'। বারবার হিংসা ঘটায় এমন প্রতিবাদ স্বাভাবিক। মমতা আরও বলেন, "বাংলার পরিযায়ী শ্রমিকদের শুধুমাত্র বিজেপি-শাসিত রাজ্যগুলিতেই নির্যাতন করা হচ্ছে। আমরা তাঁদের পরিবারের পাশে আছি।"
পুলিশের তথ্য অনুযায়ী, আজ বেলডাঙায় ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয়রা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। যার ফলে যান চলাচল ব্যাহত হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, ঝাড়খণ্ডে কাজ করতে গিয়ে এক মুর্শিদাবাদবাসীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরই বাংলাভাষী শ্রমিকদের ওপর অত্যাচারের প্রতিবাদে এই বিক্ষোভের সূত্রপাত হয়। চলে রেল অবরোধও।
অন্যদিকে, নির্বাচন কমিশনের (ইসি) সমালোচনা করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, রাজ্যে ভোটার তালিকা সংশোধনে (এসআইআর) পরিবর্তন আনার ফলে "প্রায় ১০০ জন উদ্বেগে প্রাণ হারিয়েছেন"। এসআইআর বিতর্ক চলাকালীন মুখ্য নির্বাচন কমিশনারকে উদ্দেশে তিনি বলেন, "আপনার চেয়ারের মর্যাদা ও নিরপেক্ষতা রক্ষা করুন, তবেই মানুষ আপনাকে সম্মান করবে।"












Click it and Unblock the Notifications