ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ
মালদহে উত্তেজনার আঁচ যেন কাটতেই চাইছে না। বুধবারের অশান্তির রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার সকালেই ফের রাস্তায় নামলেন বিক্ষুব্ধ মানুষ। পুরাতন মালদহের মঙ্গলবাড়ি এলাকা নতুন করে বিক্ষোভের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। রাতের স্বল্প বিরতির পর আবারও অবরুদ্ধ হয়ে পড়ে ১২ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে, বাঁশের ব্যারিকেড তুলে কার্যত থমকে দেওয়া হয় যান চলাচল।
অবরোধ ঘিরে সকাল থেকেই এলাকায় চড়া পুলিশি নজরদারি। মালদহ থানার পুলিশ বাহিনীর পাশাপাশি মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। তবে কড়া নিরাপত্তার মাঝেও বিক্ষোভকারীদের দাবি স্পষ্ট বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও কেন তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ল, তার জবাব চাই। সমাধান না হলে ভোট বয়কটের হুঁশিয়ারিও দিচ্ছেন তাঁরা।

বুধবারের ঘটনার অভিঘাত এখনও তাজা। কালিয়াচক ২ বিডিও অফিসে ভোটার তালিকা সংক্রান্ত কাজে আসা বিচারবিভাগীয় আধিকারিকদের ঘিরে বিক্ষোভ চরমে ওঠে। বিকেলের পর থেকেই অফিস কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। ভিতরে আটকে পড়েন সাতজন আধিকারিক, যাঁদের মধ্যে তিনজন মহিলা। প্রায় সাড়ে সাত ঘণ্টা টানা ঘেরাওয়ের পর গভীর রাতে পুলিশি হস্তক্ষেপে তাঁদের উদ্ধার করা সম্ভব হয়।
উদ্ধারের সময়ও পরিস্থিতি ছিল উত্তপ্ত। পুলিশের গাড়ি আটকানোর চেষ্টা, এমনকি হামলার অভিযোগও উঠেছে। গাড়ির সামনে বাঁশ ফেলে বাধা দেওয়ার ঘটনাও সামনে এসেছে। এই উত্তেজনার মধ্যেই রাতের বিক্ষোভে জখম হন আলম শেখ নামে এক যুবক, বর্তমানে তিনি মালদহ মেডিক্যালে চিকিৎসাধীন।
প্রশাসনের আশ্বাসে বুধবার গভীর রাতে অবরোধ সাময়িকভাবে তুলে নেন বিক্ষোভকারীরা। তাঁদের দাবি, চার দিনের মধ্যে সমস্যার সমাধান করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তবে সেই প্রতিশ্রুতি পূরণ না হলে আবারও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
এদিকে, বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন স্পর্শকাতর এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। ১২ নম্বর জাতীয় সড়ক ও মালদহ মোথাবাড়ি রাজ্য সড়কের একাধিক জায়গায় কড়া নজরদারি চালানো হচ্ছে। গোয়েন্দা শাখাকেও সতর্ক থাকতে বলা হয়েছে বলে সূত্রের খবর।
উল্লেখ্য, বুধবার সকাল থেকেই সুজাপুর, জালালপুর ও যদুপুর সহ একাধিক এলাকায় একই দাবিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। জাতীয় সড়ক অবরোধ করে দীর্ঘক্ষণ অচল হয়ে যায় যান চলাচল। দিনভর উত্তেজনার পর রাতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে বটে, কিন্তু তার রেশ এখনও কাটেনি।
এরই মধ্যে বৃহস্পতিবার বৈষ্ণবনগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা রয়েছে। তার আগেই মালদহে ফের বিক্ষোভের আগুন জ্বলে ওঠায় রাজনৈতিক চাপানউতোর আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর সবার।












Click it and Unblock the Notifications