বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, উত্তরবঙ্গে শুরু হচ্ছে বৃষ্টি, দক্ষিণে অপেক্ষা আরও কিছুদিনের
আবহাওয়ার খামখেয়ালি আবারও দেখা দিচ্ছে বঙ্গোপসাগরের বুকে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে নতুন এক সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল, যা এখন তামিলনাড়ু উপকূলের কাছে ঘুরপাক খাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এই নিম্নচাপ ক্রমে আরও শক্তিশালী হয়ে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এরই মধ্যে দক্ষিণ আন্দামান সাগর লাগোয়া দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপর আরও একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার ইঙ্গিত মিলেছে। আবহাওয়াবিদরা চোখ রাখছেন এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় কি না, তা নিয়েই এখন মূল উদ্বেগ।
এদিকে আজ, শুক্রবার থেকেই দার্জিলিং ও কালিম্পং পাহাড়ে ছিটেফোঁটা বৃষ্টি শুরু হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারেও মিলতে পারে ভিজে হাওয়া। শনিবার ও রবিবার পরিস্থিতি আরও সক্রিয় হয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল এই পাঁচ জেলায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে।

দক্ষিণবঙ্গের আকাশ এখনও খটখটে শুকনো, তবে বেশিদিন নয়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সপ্তাহান্তে দক্ষিণ উপকূলের দিকে মেঘের আনাগোনা শুরু হবে।
শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি, আর রবিবার ও সোমবারের মধ্যে তা ছড়িয়ে পড়বে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও আরও কিছু জেলায়।
আগামী মঙ্গলবার ও বুধবারের মধ্যে দক্ষিণের প্রায় সব জেলাতেই ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বঙ্গোপসাগরের নিম্নচাপ আপাতত রাজ্যের আবহাওয়ায় তেমন প্রভাব ফেলছে না বটে, তবে বিশেষজ্ঞদের মতে, এটি শুকনো হাওয়ার ধারায় ছেদ ফেলতে পারে। ধীরে ধীরে ফিরতে পারে আর্দ্রতা, আর তার সঙ্গে নিয়ে আসতে পারে ছিটেফোঁটা বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা।












Click it and Unblock the Notifications