Lok Sabha Election 2024: লোকসভা ভোটে বাংলায় ধাক্কা খাবে বিজেপি, আসন বাড়বে তৃণমূলের, কোন সমীক্ষায় বিরাট আভাস?
Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনে বাংলার মাটি যে দুর্জয় ঘাঁটি তা বিজেপি আরও একবার বুঝতে পারবে বলে দাবি করছে তৃণমূল কংগ্রেস। আজ রাজ্য বাজেটে একাধিক ঘোষণার ইতিবাচক ফলের আশাও করছে তারা।
লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সিভিক ভলান্টিয়ার, এসসি ও এসটিদের ভাতা বৃদ্ধির মতো একাধিক জনমোহিনী বিষয়ের উল্লেখ রয়েছে রাজ্য বাজেটে। চেষ্টা হয়েছে মহিলাদের মন জয়ের।

লোকসভা নির্বাচনে অমিত শাহ টার্গেট বেঁধে দিয়েছেন ৪২-এ ৩৫টি আসন জয়ের। যদিও টাইমস নাও-ম্যাট্রিজ এনসি-র সমীক্ষায় আভাস মিলছে বিজেপি ৩৫-এর অর্ধেক আসনও ছুঁতে পারবে না। তবে সমীক্ষা যে সব সময় মেলে তা নয়। নির্বাচনী প্রচার তুঙ্গে উঠলে এই সমীক্ষায় মত দেওয়া ব্যক্তিদের সিদ্ধান্তও বদলাতেই পারে।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল ডাক দিয়েছিল বিয়াল্লিশে বিয়াল্লিশের। যদিও বিজেপির উত্থানে লক্ষ্যের অনেক আগেই থামতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে। তৃণমূল কংগ্রেস পেয়েছিল ২২টি আসন, বিজেপি ১৮টি, কংগ্রেস ২টি। তৃণমূল ভোট পায় ৪৩.৬৯ শতাংশ, বিজেপি ৪০.৬৪ শতাংশ, কংগ্রেস ৫.৬৭ শতাংশ, বামেরা ৬.৩৪ শতাংশ।
আসন্ন লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট বাংলায় যে হচ্ছে না তা স্পষ্ট। ফলে ত্রিমুখী লড়াই-ই হতে চলেছে। বিজেপি, তৃণমূলের সঙ্গে লড়বে কংগ্রেস-বাম জোট। টাইমস নাও-ম্যাট্রিজ এনসি-র সমীক্ষা অনুযায়ী তৃণমূল জিততে পারে ২৬টি আসনে, বিজেপি ১৫টিতে, কংগ্রেস ও বাম জোট জয় ছিনিয়ে নেবে ১টি আসনে।
সমীক্ষা অনুযায়ী, তৃণমূলের ভোট পেতে পারে ৪২.৬ শতাংশ, বিজেপি ৪১.৫ শতাংশ, কংগ্রেস ও বামেদের মিলিত ভোটের হার হতে পারে ১১.৯ শতাংশ, বাকিরা পেতে পারে ৪ শতাংশ ভোট। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে খুশি ৫৩ শতাংশ মানুষ। মমতার নেতৃত্ব, সরকারের পারফরম্যান্সে অখুশি ৪১ শতাংশ, মাঝারি মানের বলে মনে করছেন ৩১ শতাংশ, খুব সন্তুষ্ট ২২ শতাংশ, ৬ শতাংশ এখনও নিশ্চিতভাবে বলতে পারেননি।
বাংলায় বাম শাসনের অবসান ঘটানোতেই মমতার জনপ্রিয়তা বেড়েছে বলে মনে করছেন সমীক্ষায় মত দেওয়া ৪৮ শতাংশ মানুষ। সংখ্যালঘু তোষণকে কারণ হিসেবে দেখিয়েছেন ২১ শতাংশ, বিজেপিকে সাম্প্রদায়িক বল হিসেবে মমতার লাগাতার আক্রমণকে ভালো বলছেন ১৮ শতাংশ, তৃণমূলস্তর থেকে রাজনীতি, সংগ্রামের কারণেই মমতার জনপ্রিয়তা বেড়েছে বলে মত ১১ শতাংশের, ২ শতাংশ অন্যান্য কারণ দেখিয়েছেন।
মমতা সরকারকে চ্যালেঞ্জের মুখে ফেলার নিরিখে বিজেপি নেতাদের মধ্যে ৪৬ শতাংশ মানুষ এগিয়ে রাখছেন শুভেন্দু অধিকারী। দিলীপ ঘোষকে বিরোধী মুখ মানছেন ২২ শতাংশ। ১৪ শতাংশ সুকান্ত মজুমদারের নাম উল্লেখ করেছে। ১৮ শতাংশ এই তিনজনের একজনের নামও করেননি।












Click it and Unblock the Notifications