Lok Sabha Election 2024: মতুয়া-রাজবংশী ভোট তৃণমূলের দিকে! ধূপগুড়ির হারে সিঁদুরে মেঘ দেখছে বিজেপি
ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের কাছে হার মানতে হয়েছে বিজেপিকে। নিজেদের জেতা আসন ধরে রাখতে ব্যর্থ হয়েছে গেরুয়া শিবির। কেন এই হার, তা নিয়ে পর্যালোচনায় সিঁদুরে মেঘ দেখছে বিজেপি। তবে কি মতুয়া ও রাজবংশীরা তৃণমূলের দিকে ঝুঁকতে শুরু করেছে?
বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে নিজেদের জেতা আসনে যেভাবে হার মানতে হয়েছে বিজেপিকে, তা নাড়িয়ে দিয়ে গিয়েছে বিজেপি নেতৃত্বকে। রাজ্য নেতৃত্বের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। সেই কারণেই তড়িঘড়ি পর্যালোচনায় বসেছিল বিজেপি।

কিন্তু পর্যালোচনা থেকে প্রাথমিকভাবে যা উঠে এসেছে, তাতে অশনি সংকেত লুকিয়ে রয়েছে বলে মনে করছে বিজেপির একাংশ। লোকসভা ভোটের আগে এই হার একটা বড় ধাক্কা। কেননা ধূপগুড়িতে রাজবংশী ও মতুয়া ভোটের প্রাধান্য। সেই তুলনায় সংখ্যালঘু ভোট অনেকটাই কম।
সংখ্যালঘু ভোট তৃণমূলের দিকে থাকলেও রাজবংশী ও মতুয়া ভোট ছিল বিজেপির দিকে। সেখানে যেভাবে বিজেপির কাছ থেকে এই আসন ছিনিয়ে নিয়েছে তৃণমূল, তা ভাবিয়ে তুলেছে বিজেপিকে। এবার কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে। এবার আর ভোট লুঠের অভিযোগ তুলতে পারবে না তারা।
তাহলে হার কেন? হারের পিছনে কারণ কী? পর্যালোচনায় মনে করা হচ্ছে রাজবংশী ও মতুয়া ভোটে কিছুটা হলেও ধস নেমেছে। তা ফিরে গিয়েছে তৃণমূলের দিকে। ফলে বিজেপিকে হার মানতে হয়েছে। এখন লোকসভা ভোটের আগে রাজবংশী ও মতুয়ামন জয় করতে হবে। তা না হলে বড় বিপদ!
একুশের বিধানসভা নির্বাচনে পর্যুদস্ত হওয়ার পর বাংলার মাটিতে রেকর্ড হারের সম্মুখীন হয়েচে বিজেপি। ধূপগুড়ি কেন্দ্রে উপনির্বাচনে হারের পর বাংলার ১০ বিধানসভা কেন্দ্রে বিজেপি হার মানল। লোকসভা কেন্দ্রও একটি হারিয়েছে। তৃণমূলের কাছে গোহারা হয়েছে পুরসভা ও পঞ্চায়েত নির্বাচনেও।
এই অবস্থায় সামনে লোকসভা ভোট। বিজেপি আবার ৪২টির মধ্যে ৩৫ লোকসভা আসনে জয়ের লক্ষ্যমাত্রা স্থির করেছে এবার। কিন্তু সেই জয় যে ক্রমশ দুরাশায় পরিণত হচ্ছে, তার আভাস মিলেছে উপনির্বাচনের হারে। একের পর এক পরাজয়ের শিকার হয়ে বিজেপি লোকসভায় নিজেদের আসন ধরে রাখতে কতটা সমর্থ হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপি ১৮টি আসনে জিতেছিল। ২২টিতে জিতেছিল তৃণমূল। দুটিতে জয়ী হয়েছিল কংগ্রেস। এই অবস্থায় বিজেপি ৩৫টি াসনকে টার্গেট করে অন্তত ২৫-এ পৌঁছতে চাইছে। কিন্তু বাংলার মাটিতে সাম্প্রতিক নির্বাচনগুবিতে সেই সাফল্য নেই। উল্টে শুধু হার জুটেছে বিজেপির। তাই এখন থেকেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করে দিয়েছে তারা।












Click it and Unblock the Notifications