ইয়াসের প্রভাবে প্লাবিত বহু এলাকা, অবিরাম বর্ষণ নিয়ে আবহাওয়ার পূর্বাভাস কী বলছে
বহু এলাকায় ভেঙেছে বাঁধ। গ্রামে ঢুকেছে জল। কল্লোলিনী তিলোত্তমাও ভেসেছে আদিগঙ্গার জলে। ইয়াস (Cyclone Yaas) বাংলা ছাড়লেও, তার প্রভাব বাংলার বুকে প্রবল দাপট দেখিয়ে চলেছে । এদিকে, গুরুগম্ভীর আকাশ অনবরত বৃষ্টির অবিরাম ধারায় নাজেহাল করেছে বাঙালিকে। এমন অবস্থায় আবহাওয়ার পূর্বাভাস (Weather Forecast) নিয়ে কোন রিপোর্ট সামনে আসছে দেখা যাক।

শক্তিহারা ইয়াসের তেজ অব্যাহত!
যাবতীয় শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় ইয়াস আপাতত নিম্নচাপে পরিণত হয়েছে। আপাতত তা রাঁচি থেকে ২০ কিলোমিটার পূর্বের দিকে রয়েছে। অন্যদিকে জামশেদপুর থেকে প্রায় ৯০ কিলোমিটার দক্ষিণে রয়েছে। তবে সাইক্লোন তার রক্তচক্ষু দেখিয়ে বাংলা ছাড়লেও তার প্রভাবে এখনও পশ্চিমবঙ্গের বহু এলাকা প্লাবিত। শক্তিহারা ইয়াস নিজের তেজ ধরে রেখে, এখনও জলীয় বাষ্পপূর্ণ বাতাস 'অবদান' হিসাবে রেখে যাচ্ছে।

কতদিন চলবে বৃষ্টি?
বৃহস্পতিবারের পর নিস্তার নেই শুক্রবার। সমান দাপটে শুক্রবারও রাজ্যে চলবে বৃষ্টি। এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি এদিনও চলবে রাজ্যে। শুক্রবারের পর রবিবারের পরিস্থিতিও একই হবে। সম্পূর্ণ দুর্যোগ সোমবার সকাল থেকে কেটে যেতে পারে বলে জানা যাচ্ছে।

কোন কোন জেলায় প্রভাব?
বাতাসের জলীয় বাষ্পে ইয়াসের তেজের জেরে বীরভূম থেকে দক্ষিণ ২৪ পরগনা পর্যন্ত একটি সোজা লাইন ধরে এই ইয়াসের প্রভাব রয়েছে। যার ফলে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায় এর জেরেই বৃষ্টিপাত চলছে। এদিকে, হাওয়া অফিসের বার্তা শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পংয়ে রয়েছে। অতিভারী বৃষ্টি হতে পারে বীরভূম ও পশ্চিম বর্ধমানে। তবে আজ থেকে বৃষ্টি থেকে স্বস্তি পেতে পারে কলকাতা।

সোমবার থেকে তাপমাত্রা বাড়ছে!
এখনও পর্যন্ত আবহাওয়ার যা গতিবিধি রাজ্যে তাতে, সোমবার থেকে তাপমাত্রা বাড়তে পারে বলে খবর। কলকাতায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৯১ শতাংশ। এদিকে সর্বোচ্চ তাপমাত্রা এদিনও ৩১ ডিগ্রির আশপাশে থাকছে। সর্বনিম্ন ২৫ ডিগ্রির আশপাশে ঘোরাফরা করতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা (ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৪.৮
বাঁকুড়া ২৫.২
ব্যারাকপুর ২৭.০
বহরমপুর ২৪.৮
বর্ধমান ২৫.০
দার্জিলিং ৯.৬
ডায়মন্ডহারবার ২৫.২
কালিম্পং ১৩.০
কলকাতা ২৫.৬
কৃষ্ণনগর ২২.০
শ্রীনিকেতন ২৬.০












Click it and Unblock the Notifications