লক্ষ্মীদের কপালে জুটল না প্রাপ্তি, লক্ষ্মীর ভাণ্ডার অপরিবর্তিত রাখা হল এবারের রাজ্য বাজেটে
Bengal Budget: সকাল থেকে রাজ্যের লক্ষ্মীরা অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন আজকের বাজেটের জন্যে। কেননা, তারা প্রত্যেকেই চাইছিলেন বাজেটে বাড়ানো হোক তাঁদের মাসিক ভাতা। প্রতি মাসে বাংলার ২ কোটি মহিলারা যে ১০০০ টাকা করে নিজেদের অ্যাকাউন্টে পাচ্ছিলেন, সেই টাকার পরিমাণ বাড়ুক, এমনটাই চায়ছিলেন প্রত্যেকে। তবে আশা পূরণ হল না এবারের বাজেটে। লক্ষ্মীর ভাণ্ডারে বাড়ল না ভাতার পরিমাণ। যা ছিল গত বছর, তাই রয়ে গেল এবার। মনে ভেঙে গেল ২ কোটি মহিলার।
পশ্চিমবঙ্গ সরকারের এবারের বাজেটে 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পে মাথাপিছু অর্থ বৃদ্ধির কোনও উল্লেখ নেই। বাজেট বইয়ে প্রকল্পটির কথা উল্লেখ থাকলেও বাড়তি অর্থ বরাদ্দ বা বর্তমান ভাতা বৃদ্ধির কোনও ঘোষণা করা হয়নি। বর্তমানে সাধারণ শ্রেণির মহিলারা মাসে ১,০০০ টাকা এবং তফসিলি জাতি ও উপজাতির মহিলারা ১,২০০ টাকা করে পাচ্ছেন।

তবে প্রশাসনিক মহলের ধারণা, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই ভাতা বৃদ্ধির ঘোষণা আসতে পারে। বিশেষ করে, ভোটের ছ'মাস আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই ঘোষণা করতে পারেন। যদিও গত বাজেটের পর কোনও বৃদ্ধি না হওয়ায় অনেকেই আশা করেছিলেন যে এবারই মাথাপিছু অর্থ বাড়ানো হতে পারে।
- লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বর্তমান অবস্থা
সরকারি তথ্য অনুযায়ী, এই প্রকল্পে ২ কোটি ২১ লক্ষ মহিলা উপকৃত হয়েছেন। বাজেট বইতে বলা হয়েছে, নারীর ক্ষমতায়ণের লক্ষ্যে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্প রাজ্যের নারীদের জীবনের বিভিন্ন পর্যায়ে প্রভাব ফেলছে।
তবে এদিন অন্য রাজ্যের প্রসঙ্গও তুলে আনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেট পেশের পর সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। আর সেখানেই তিনি বলেন, বিজেপি ও কংগ্রেস শাসিত রাজ্যগুলোতেও 'লক্ষ্মীর ভান্ডার'-এর অনুকরণে নতুন প্রকল্প চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, বাংলার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প 'ইউনিক' কারণ এটি প্রায় সকল মহিলার জন্য উন্মুক্ত।
অন্যান্য রাজ্যের প্রকল্পের তুলনায় বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের পার্থক্য কী? সেই পার্থক্যটাই এদিন বোঝান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, 'অন্যান্য প্রকল্পে বাইক থাকলে বা বছরে ২.৫ লক্ষ টাকার বেশি আয় হলে সুবিধা পাওয়া যায় না, কিন্তু বাংলায় এমন শর্ত নেই। একজন মহিলা একসঙ্গে কন্যাশ্রী, রূপশ্রী, কিষাণ ভাতা ও লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেতে পারেন'।
মুখ্যমন্ত্রীর কথায়, 'এই লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্প হল 'ইউনিভার্সাল', তাই রাজ্য সবাইকেই এই লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় আনতে পেরেছে'।
- পরবর্তী ঘোষণা কবে?
বাজেটে এখনই কোনও বৃদ্ধি না হলেও, মুখ্যমন্ত্রী জানিয়েছেন পরবর্তী সময়ে বিষয়টি বিবেচনা করা হবে। ধারণা করা হচ্ছে, ভোটের আগে সুবিধার পরিমাণ বৃদ্ধি করে তৃণমূল কংগ্রেস ভোট কৌশলে এটি ব্যবহার করতে পারে। অন্তত ভোটের আগে দিয়ে লক্ষ্মীদের ভাতা বাড়ালে, তা যে তৃণমূল শাসিত সরকারের জন্যেই লক্ষ্মীলাভ-এর কাজ করবে, তা মনে করছেন অনেকেই।












Click it and Unblock the Notifications