শোভন নাটক করছেন, অবিলম্বে হাসপাতাল থেকে জেলে পাঠানোর বার্তায় পাল্টা দিলেন কুণাল
শোভন চট্টোপাধ্যায়কে হাসপাতাল থেকে বাড়ি ফেরানো বিতর্কে রাজ্য সরকারের দিকে আঙুল তুলেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। শোভন চট্টোপাধ্যায়ও আদালতের নির্দেশ ভেঙে প্রেসের সামনে বিস্ফোরক অভিযোগ করেছেন।
শোভন চট্টোপাধ্যায়কে হাসপাতাল থেকে বাড়ি ফেরানো বিতর্কে রাজ্য সরকারের দিকে আঙুল তুলেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। শোভন চট্টোপাধ্যায়ও আদালতের নির্দেশ ভেঙে প্রেসের সামনে বিস্ফোরক অভিযোগ করেছেন। তাঁদের সেই অভিযোগের পাল্টা দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। ফের শোভনকে জেলে পাঠানোর আর্জি জানালেন তিনি।

শোভন হাসপাতালে, ক্ষোভে ফেটে পড়েন বৈশাখী
বৈশাখী অভিযোগ করেন, আদালত গৃহবন্দি থাকার রায় দিলেও শোভনকে এসএসকেএম হাসপাতালে একপ্রকার জোর করে আটকে রাখা হচ্ছে। ফিরহাদ হাকিম প্রেসিডেন্সি জেল থেকে বাড়ি ফিরে গিয়েছেন। কিন্তু নারদ-কাণ্ডে বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। তাঁরা বাড়ি ফিরতে পারেননি। এদিনও শোভন হাসপাতাল থেকে ছাড়া না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন বৈশাখী।

বৈশাখীর অভিযোগের পাল্টা কুণাল ঘোষ
বৈশাখী এই প্রসঙ্গে রাজ্য সরকারের দিকে আঙুল তোলায় তৃণমূল মুখপাত্র কুণাল বলেন, শোভনবাবু তো মামার বাড়িতে নেই যে, যখন ইচ্ছা করবেন বাড়ি ফিরবেন। তিনি একটা আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। জেল থেকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকরা সুস্থ মনে করে তাঁকে ফের জেলে পাঠাবেন। জেল কর্তৃপক্ষ তারপর আদালতের নির্দেশ মতো তাঁকে গৃহবন্দি থাকার ব্যবস্থার মধ্যে পাঠাবে।

শোভনের নিশানা, পাল্টা দিলেন কুণাল ঘোষ
কুণালের এই ব্যাখ্যা শুনে নাম না করেই শোভন চট্টোপাধ্যায় তাঁকে হনুমান বলে আখ্যায়িত করেন। বলেন তিনি জেল খেটে হনুমানের মতো মুখ পুড়িয়েছেন। এখন তৃণমূলের মুখপাত্র হয়ে উপদেশ দিচ্ছেন। এই কথার প্রত্যুত্তরে কুণাল বলেন, আমাকে ব্যক্তিগত কুৎসা করছেন করুন, তাতে আমার কোনও দুঃখ নেই। কিন্তু জেল থেকে বাড়ি ফিরতে গিয়ে রাজ্য সরকারকে নিশানা করবেন না।

শোভনবাবু নাটক করেছিলেন, তিনি সুস্থ
কুণালের সাফ কথা, শোভনবাবু এখন নাটক করছেন। কাল পর্যন্ত অসুস্থ ছিলেন। তাঁর জন্য কত কান্নাকাটি হয়ে গেল। আর এখন হাউস অ্যারেস্টের আদেশ আসতেই তিনি সুস্থ হয়ে গেলেন। এর মধ্যে রাজ্য সরকার বা তৃণমূলের কোনও ইন্ধন নেই। পুরোটাই একটা আইনি পদ্ধতি। তিনি যদি সুস্থ হন, হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে জেলে পাঠাবে।

শোভনবাবুরা হাসপাতালের নিয়ম-নীতি ভাঙছেন।
এদিন তিনি যেভাবে হাসপাতালের জানালা দিয়ে মুখ বাড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, তাতে তিনি আইন ভেঙেছেন। আর দীর্ঘ সময় ধরে যেভাবে তিনি সাংবাদিকদের বিবৃতি দিলেন, তাতে স্পষ্ট তিনি সুস্থ। তাই তাঁকে জেলে পাঠানো হোক। শোভনবাবুরা হাসপাতালের নিয়ম-নীতি ভাঙছেন।












Click it and Unblock the Notifications