বাড়ছে গরমের ঝাঁজ! ৩০ ডিগ্রি ছাড়াল কলকাতার পারদ, ফেব্রুয়ারির শেষে কী আরও বাড়বে তাপমাত্রা? জানাল হাওয়া অফিস
ফেব্রুয়ারি মাসের মধ্যবর্তী সময় থেকেই রাজ্যে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। কলকাতা-সহ একাধিক জেলায় দিনের বেলা পারদ বেড়ে ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পেরিয়ে গিয়েছে। আবহাওয়াবিদদের মতে, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে গরম এর থেকে আরও বাড়তে পারে।

গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়া এবং জলপাইগুড়িতে তাপমাত্রা ছাড়িয়ে হয়েছে ৩২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে এরকমই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। দক্ষিণবঙ্গের কলকাতা থেকে শুরু করে হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর-সহ বেশ কিছু জেলায় আগামী চার দিনে রাতের তাপমাত্রা ধাপে ধাপে ২-৩ ডিগ্রি বাড়তে পারে। আগামীকাল থেকে রবিবারের মধ্যে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উপকূল এবং পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা বাড়ার ইঙ্গিত রয়েছে। কোথাও কোথাও আবার সকালে হালকা কুয়াশা দেখা যেতে পারে, বিশেষ করে মেদিনীপুর অঞ্চলে।
উত্তরবঙ্গের দার্জিলিং থেকে শুরু করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদায় আপাতত তাপমাত্রা পরিবর্তন হওয়ার সেরকম বড় কোনও পূর্বাভাস নেই। সকাল বেলায় কিছু কিছু জায়গায় কুয়াশা থাকলেও বেলা বাড়লেই আকাশ পরিষ্কার হবে।
এদিকে দক্ষিণ এবং পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। সেই নিম্নচাপের প্রভাব রাজ্যে ঠিক কতটা পড়বে, তা এখনও স্পষ্ট হয়নি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।












Click it and Unblock the Notifications