ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা
ফের আবহাওয়ার মেজাজে বদলের ইঙ্গিত মিলছে রাজ্য জুড়ে। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস বলছে, সপ্তাহের শেষ লগ্নে ফের সক্রিয় হতে পারে কালবৈশাখী। ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি নামার সম্ভাবনা তৈরি হয়েছে।
সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত অবশ্য শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে দক্ষিণবঙ্গে। বুধবার ও বৃহস্পতিবার পর্যন্ত আকাশ মোটামুটি পরিষ্কার থাকলেও, শুক্রবার থেকে আবহাওয়ার ছবিতে আসবে বড়সড় পরিবর্তন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহান্তের তিন দিন শুক্রবার, শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও কালবৈশাখীর ঝোড়ো দাপটও দেখা যেতে পারে।

বিশেষত কলকাতায় শুক্রবার থেকেই বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এর জেরে সাময়িক স্বস্তি মিললেও, গরম থেকে বড়সড় রেহাই মিলবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। বরং বৃষ্টির পর বাড়তে পারে আর্দ্রতা, যার ফলে অস্বস্তিকর গরম আরও অনুভূত হতে পারে।
দক্ষিণবঙ্গের মধ্যে হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়ায় বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হতে পারে। তার আগে মঙ্গলবার থেকেই ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও দুই বর্ধমানে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গেও আবহাওয়ার চেহারা বদলাতে শুরু করেছে। বুধবার থেকেই দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষে, বিশেষত শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর।
সপ্তাহান্তে ঝড় বৃষ্টির দাপটে ভিজতে চলেছে উত্তর থেকে দক্ষিণ গোটা বাংলা। তবে এই বৃষ্টিতেও গরমের অস্বস্তি যে পুরোপুরি কাটবে না, সেটাই এখন সবচেয়ে বড় চিন্তার বিষয়।












Click it and Unblock the Notifications