'জয় শ্রীরাম' আর বাইকের দাপটে ত্রস্ত! এবার তৃণমূল নেত্রী বাড়ির সামনে বসল পুলিশ পিকেট
উত্তর ২৪ পরগনার তৃণমূল নেত্রী আলোরানি সরকারের বাড়ির সামনে বিজেপির বাইক বাহিনীর দাপট। বাইক বাহিনী জয় শ্রীরাম স্লোগান দেয়। পাশাপাশি নেত্রীর অনুগামীদের হুমকি দেয় বলে অভিযোগ।
উত্তর ২৪ পরগনার তৃণমূল নেত্রী আলোরানি সরকারের বাড়ির সামনে বিজেপির বাইক বাহিনী দাপট দেখাচ্ছে বলে অভিযোগ। বাইক বাহিনী জয় শ্রীরাম স্লোগানও দিয়েছে। পাশাপাশি নেত্রীর অনুগামীদের হুমকি দেয় বলে অভিযোগ। বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ।

যত কাণ্ড কাঁচড়াপাড়ায়
শনিবার উত্তর ২৪ পরগনার মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আলোরানি সরকারের কাঁচড়াপাড়ার বাড়িতে গুরুত্বপূর্ণ বৈঠক বসেছিল। তাতে হাজির ছিলেন জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে তাপস রায়, সুজিত বসুর মতো মন্ত্রীরা। মন্ত্রী ও তৃণমূল নেতাদের আসা যাওয়ার পথে দাঁড়িয়ে জয় শ্রীরাম
স্লোগান দেন বিজেপির কর্মী সমর্থকরা। পুলিশের সঙ্গে এনিয়ে ধস্তাধস্তিও হয়। বিষয়টি নিয়ে পুলিশ বীজপুর থানায় স্বতঃ প্রণোদিত মামলা করেছে।

আলোরানি সরকারের অভিযোগ
ওই নেত্রীর অভিযোগ বৈঠকের পরেই তাঁর বাড়ির সামনে দাঁপিয়ে বেড়াতে থাকে বিজেপির বাইক বাহিনী। এক একটি বাইকে তিন থেকে চারজন ছিল বলে অভিযোগ। তারা জয় শ্রীরাম স্লোগান দেয়। অনুগামীদের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। এরপরেই তাঁর বাড়ির সামনে পুলিশ ও র্যাফ মোতায়েন করা হয়। এই নেত্রীর আরও অভিযোগ দলীয় কর্মীদের ফোনে হুমকি দেওয়া হচ্ছে। যে নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছে, সেই নম্বর সহ পুলিশকে জানানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে মুকুল রায় ও শুভ্রাংশু রায়ের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তিনি।

বীজপুরের বিধায়কের পাল্টা দাবি
বীজপুরের বিধায়ক তথা সদ্য বিজেপিতে যোগ দেওয়া মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায় অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, পাবলিসিটি করছেন আলোরানি সরকার। একসময়ে এই নেত্রী বিজেপিতে ছিলেন। কবে তিনি মহিলা তৃণমূলের জেলা সভাপতি হলেন, সেই প্রশ্নও করেন তিনি। তবে এর বাইরে কোনও এই মহিলাকে নিয়ে তিনি আর কোনও মন্তব্য করবেন না
বলে জানিয়েছেন শুভ্রাংশু।












Click it and Unblock the Notifications