রাজ্যপালের মানসিক সমস্যা রয়েছে! নাম না করে আর যা বললেন ফিরহাদ হাকিম
রাজ্যপালের মানসিক সমস্যা রয়েছে! নাম না করে আর যা বললেন ফিরহাদ হাকিম
বিআর আম্বেদকরের মৃত্যু দিনে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে আইনশৃঙ্খলা নিয়ে রাজ্য সরকারকে ফের নিশানা করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় ( Jagdeep dhankhar)। এর পাল্টা আক্রমণ করেছেন ফিরহাদ হাকিম (firhad hakim) । নাম না করে তিনি বলেছেন, রাজ্যপালের মানসিক সমস্যা রয়েছে।

ফের আইনশৃঙ্খলা নিয়ে রাজ্যকে নিশানা রাজ্যপালের
ফের একবার আইনশৃঙ্খলা প্রশ্নে রাজ্য সরকারকে নিশানা করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। নাম না করে মুখ্যমন্ত্রী থেকে মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি, সবাইকেই নিশানা করেছেন রাজ্যপাল। এদিন ছিল সংবিধান প্রণেতা বিআর আম্বেদকরের মৃত্যু দিবস। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে রাজ্যপাল বলেন, আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন করলেন রাজ্য সরকারের থেকে তার উত্তর মেলে না। তাঁর অভিযোগ, আমলা থেকে পুলিশ কেউই সংবিধান মানছেন না। তাঁরা সংবিধানের উল্টোপথে চলছেন বলেও অভিযোগ করেন রাজ্যপাল।

পুলিশ কাজ করছে রাজনৈতিক নেতাদের মতো
এদিন রাজ্যপাল আগের মতোই অভিযোগ করেন, পুলিশ রাজনৈতিক নেতার মতো আচরণ করছে। এদিন তিনি টুইটে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বলেন, সংবিধান মেনে শাসন ব্যবস্থা পরিচালনা করা নিশ্চিত করতে হবে সরকারকে। পাশাপাশি পুলিশকেও রাজনৈতিকভাবে নিরপেক্ষ হয়ে কাজ করতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। এআগেও বহুবার রাজ্যের পুলিশ ও আমলারা রাজনৈতিক দলের অনুগামী হয়ে কাজ করছেন বলে অভিযোগ করেছেন রাজ্যপাল।

মানসিক সমস্যা রাজ্যপালের
রাজ্যপালের অভিযোগ নিয়ে প্রশ্ন করা হয়েছিল পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে। যার প্রতিক্রিয়া দিতে গিয়ে নাম না করে তিনি বলেন, অনেকেরই মানসিক সমস্যা থাকে। আর অনেকেরই মাথার মধ্যে একটা বিশেষ কিছু ঢুকে গেলে সহজে তা বের হতে চায় না। নাম না করে তিনি বলেন, ওঁর মাথায় ঢুকে গিয়েছে বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ। কিন্তু অন্য রাজ্যে একের পর এক নৃশংস ঘটনা ঘটলেও তাঁর চোখে পড়ে না। মধ্যপ্রদেশে গুলি করে আটজনকে হত্যা কিংবা উত্তর প্রদেশের এনকাউন্টারের মতো ঘটনা এই রাজ্যে ঘটেনা বলেও জানান তিনি।

আগেও রাজ্যপালকে আক্রমণ করেছিলেন ফিরহাদ
এর আগেও ফিরহাদ হাকিম অভিযোগ করেছিলেন, রাজ্যপাল পক্ষপাতমূলক রাজনীতি করছেন। রাজ্যপাল দিলীপ ঘোষের ভাষায় কথা বলেন বলেও অভিযোগ করেছিলেন তিনি। ফিরহাদ হাকিম বলেছিলেন, যেসময় সহানুভূতি আশা করা হয়েছিল রাজ্যপালের কাছ থেকে, সেই সময় বিজেপির ভাষায় কথা বলেছেন রাজ্যপাল। রাজ্যপাল বিজেপির কথার প্রতিধ্বনি করছেন বলেও অভিযোগ করেছিলেন তিনি।












Click it and Unblock the Notifications