এসআইআর কি নিয়মমাফিক চলছে? ৫ জেলায় টানা সফরে কেন্দ্রীয় কমিশনের কড়া নজরদারি
ভোটার তালিকা সংশোধনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর। আর সেই প্রক্রিয়া কতটা ঠিক পথে এগোচ্ছে, তা যাচাই করতেই রাজ্যে নেমে পড়ল নির্বাচন কমিশনের উচ্চস্তরের প্রতিনিধি দল। টানা তিন দিনে ৫ টি জেলা ঘুরে দেখবে তাঁরা, কাজ কতটা সুষ্ঠুভাবে হচ্ছে।
দলে রয়েছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী, কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি এসবি জোশী, প্রিন্সিপাল সেক্রেটারি মলয় মল্লিক ও ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল। সকলে নিজ নিজ দায়িত্বে এসআইআর প্রক্রিয়ার তদারকি করবেন।

সফরের প্রথমেই ব্যস্ত সূচি, চার দিনের কড়া শিডিউল। মঙ্গলবারই শুরু হয়েছে তাঁদের রাজ্য সফর। সকালে কলকাতা, বিকেলে দক্ষিণ ২৪ পরগনা।বুধবার পরপর দুই জেলা, সকালে নদিয়া, বিকেলে মুর্শিদাবাদ। বৃহস্পতিবার রয়েছে মালদহ, যেখানে জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও) ও নির্বাচনী নিবন্ধন আধিকারিকদের (ইআরও) এর সঙ্গে বৈঠক করবেন প্রতিনিধিরা।
বৃহস্পতিবার রাতেই কলকাতায় ফিরে আসবেন সদস্যরা। আর শুক্রবার সকালে নিউটাউনে অনুষ্ঠিত হবে ইভিএমের ফার্স্ট লেভেল চেকিং (এফএলসি) বিষয়ক কর্মশালা, তাতেও যোগ দেবেন তাঁরা।
২৭ অক্টোবর পশ্চিমবঙ্গ সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরুর ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। ৪ নভেম্বর থেকে বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করা শুরু করেন। এর পরদিনই প্রথম পর্যবেক্ষণের জন্য কমিশনের একটি দল রাজ্যে আসে ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় গিয়ে কাজকর্ম খতিয়ে দেখেন।
এবার ফের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল এসে যাচাই-বাছাই করছেন, যাতে ভোটার তালিকা নিয়ে কোনও অভিযোগ বা গাফিলতির সুযোগ না থাকে। আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে কমিশনের এই নজরদারি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই।












Click it and Unblock the Notifications