ইন্ডিয়া জোট হল না বাংলায়, রাজ্যে একাই ৪২ টি আসনে প্রার্থী দিলেন মমতা
যেমন কথা, কেমন কাজ। তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেস একা লড়াই করবে। পশ্চিমবঙ্গে তিনি কোনও জোট করতে রাজি নন। কংগ্রেসের সঙ্গে সেই কথাই তিনি রাখলেন। বাংলার লোকসভার ৪২ টি আসনেই প্রার্থী দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিজেপি তথা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিরোধীরা একজোট হয়েছে। 'ইন্ডিয়া' জোট তৈরি হয়েছে। সেখানে অন্যতম মুখ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যান্য রাজ্যে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা হয়েছে জোট সঙ্গীদের। কিন্তু বাংলায় আসন সমঝোতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছিল।

বামেরা তৃণমূলের সঙ্গে জোট করতে চায় না। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও তৃণমূলের বিরুদ্ধে বারবার এই কথা বলেছিলেন। শেষপর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দেন, রাজ্যে তৃণমূল কংগ্রেস একা লড়াই করবে। সিপিএম, কংগ্রেসের সঙ্গে তৃণমূল কোনও আসন সমঝোতা করবে না।
দেশের জোট রাজনীতিতে যথেষ্ট প্রশ্ন দেখা দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় কি ইন্ডিয়া জোটে থাকতে চাইছেন না? সেই প্রশ্ন উঠতে শুরু করে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তিনি ইন্ডিয়া জোটে রয়েছেন। জোট ভেঙে তৃণমূল বেরিয়ে যাচ্ছে না।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও জয়রাম রমেশ মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক বার বার্তা দিয়েছেন। ইন্ডিয়া জোটে তৃণমূল সুপ্রিমো অন্যতম মুখ। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে থাকবেন। বাংলাতেও তৃণমূলের সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতা হবে। এমনই কথা জানাচ্ছিলেন কংগ্রেস নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের সঙ্গে আলোচনার জন্য রাস্তাও খোলা রেখেছিলেন রাহুল গান্ধীরা।
কিন্তু গত এক মাসে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে বৈঠক হয়নি। জোট নিয়েও কোনও বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দেননি। বরং ৪২ টি আসনে তৃণমূল কংগ্রেস একা লড়াই করবে। বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের লড়াই। এই কথা বারবার তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে শোনা গিয়েছিল।
ব্রিগেডের ময়দান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থীর নাম ঘোষণা করলেন। লোকসভার ৪২ জন তৃণমূল কংগ্রেস প্রার্থীকে নিয়ে র্যাম্পে হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষের কাছে বার্তা দিলেন তিনি। অপর দিকে ইন্ডিয়া জোটের দুই সঙ্গী সিপিএম, কংগ্রেসকেও বার্তা দেওয়া হল লড়াইয়ের ময়দানে। একথা মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
তৃণমূল কংগ্রেস সব আসনে প্রার্থী ঘোষণা করেছে। এই বিষয়ে মন্তব্য করেছেন কংগ্রেসের জাতীয় নেতা জয়রাম রমেশ। কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ বলেছেন, "ভারতীয় জাতীয় কংগ্রেস বারবার পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে একটি সম্মানজনক আসন ভাগাভাগি চুক্তি করার ইচ্ছাপ্রকাশ করেছে৷ এই ধরনের একটি চুক্তি আলোচনার মাধ্যমে চূড়ান্ত হতে হবে। একতরফা ঘোষণার মাধ্যমে নয়। ভারতীয় জাতীয় কংগ্রেস সর্বদা বজায় রেখেছে এই বিষয়। ভারতীয় জাতীয় কংগ্রেস সর্বদা চেয়েছে ভারত গ্রুপ একসঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াই করুক।"
এখন প্রশ্ন হল, দুই জোটসঙ্গী কী করবে? কংগ্রেস ও বামেরা জোট করে বাংলায় প্রার্থী দেবে? কীভাবে হবে আসন সমঝোতা?












Click it and Unblock the Notifications