মমতা-মোদী বৈঠকের দিনে ফের এজেন্সি হানা! আয়কর তল্লাশি TMC বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়ি-অফিসে
কর ফাঁকির অভিযোগে সাগরদিঘির তৃণমূল বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়ি ও অফিস-সহ বিভিন্ন জায়গায় আয়কর তল্লাশি শুরু হয়েছে। এদিন ভোর থেকে এই তল্লাশি অভিযান শুরু হয় বলে জানা গিয়েছে। এর আগে তৃণমূল বিধায়ক তন্ময় ঘোষের বাড়ি ও অফিসের কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান চলে।
বুধবার দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কেননা, এদিন দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের দশ সাংসদকে সঙ্গে করে রাজ্যের বকেয়া নিয়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন।

বছরের শুরুর দিকে মুর্শিদাবাদের সাগরদিঘিতে বিধানসভা উপনির্বাচনে বাম-কংগ্রেসের প্রার্থী হিসেবে জয়লাভ করেন বায়রন বিশ্বাস। কিন্তু এই জয়ের তিনমাসের মধ্যে গত ২৯ মে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি তৃণমূলে যোগ দেন। কংগ্রেসে থেকে কাজ করতে পারছিলেন না বলে তিনি তৃণমূলের যোগ দিয়েছেন বলে জানান। তারপরেই এই বিধায়কের পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়।
এহেন তৃণমূল বিধায়ক বায়রন বিশ্বাসের অফিস ও বাড়িতে এদিন ভোর থেকে ৫০ থেকে ৬০ জন আয়কর আধিকারিক কেন্দ্রীয় বাহিনীর পাহারায় তল্লাশি অভিযান শুরু করেছেন। মুর্শিদাবাদ ছাড়াও বীরভূম জেলার বিভিন্ন জায়গায় এদিন তল্লাশি অভিযান চলছে বলে জানা গিয়েছে।
আয়কর দফতর সূত্রে খবর, মুর্শিদাবাদের বড় বিড়ি ব্যবসায়ী বায়রন বিশ্বাস কর ফাঁকি দিয়েছে। যে সংক্রান্ত প্রমাণ নিয়েই আয়কর দফতরের আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন।
এর আগে গত মাসে বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের বাড়ি ও অফিসে আয়কর অভিযান চলে। আট নভেম্বর সকালে আয়কর দফতরের অভিযান শুরু হয়ে নয় নভেম্বরেরও চলে সেই অভিযান। তন্ময় ঘোষের বাড়ি, মদের দোকান ও চালকলে তল্লাশি অভিযান চলে।
গত ১৩ ডিসেম্বর বুধবার রানিগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহরাব আলির বাড়িতেও হানা দেয় আয়কর দফতর। লোহার কারবারি তৃণমূল নেতার বাড়ি কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখে এই তল্লাশি চলে। নিয়োগ দুর্নীতি মামলায় গত ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে সিবিআই অভিযান চলে।












Click it and Unblock the Notifications