দ্বিতীয়ায় বিধানসভায় ধুন্ধুমার, বিলের প্রতিলিপি ছিঁড়ে বিক্ষোভ বিজেপি বিধায়কদের
পুজোর আগে দ্বিতীয়াতেও রাজ্য রাজনীতি উত্তপ্ত। বিধানসভার অন্দরে চলল তুমুল চিৎকার, হই - হট্টগোল। বিলের প্রতিলিপি ছিঁড়লেন বিজেপি বিধায়করা। রাজ্যপালের সই ছাড়া সরকারপক্ষ বিল পেশ করেছিলেন বিধানসভার অন্দরে।
তুমুল হই হট্টগোলের মধ্যেই বিধানসভার স্পিকার অধিবেশন শেষ করে দেন। মুলতবি হয়ে যায় সোমবারের বসা বিশেষ অধিবেশন। কেন এভাবে একদিনের জন্য অধিবেশন বসল? বিজেপির পক্ষ থেকে তাই নিয়ে বিক্ষোভ দেখানো হয়। বিধানসভার বাইরেও বিজেপির বিধায়করা বিক্ষোভ দেখালেন।

মন্ত্রী বিধায়কদের বেতন বৃদ্ধি নিয়ে বিল রাজভবনে জমা রয়েছে। রাজ্যপাল সি ভি আনন্দ বোস সেই বিলে স্বাক্ষর করেননি। এদিকে সোমবার সরকারের তরফ থেকে বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল। বিধানসভায় দুটি বিল উপস্থাপন করার প্রসঙ্গ চর্চা চলে। মন্ত্রী - বিধায়কদের বেতন বৃদ্ধির বিল কীভাবে বিধানসভায় আলোচনা হবে? তাই নিয়ে জোর চর্চা চলছিল।
সোমবার বেলা বারোটা নাগাদ অধিবেশন শুরু হয়। আগেই ঠিক হয়েছিল পরিষদীয় নিয়ম মেনে বিধানসভায় এই বিল উপস্থাপন করা হবে। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও শোভন চট্টোপাধ্যায় দুটি বিল উপস্থাপন করেন। মন্ত্রী বিধায়কদের বেতন বৃদ্ধির বিল এইভাবে পেশ করা যায় না। অর্থ সংক্রান্ত কোনও বিল পেশ করতে গেলে রাজ্যপালের সই দরকার। বিলে সেই সই নেই। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উঠে দাঁড়িয়ে একথা বলেন।
বিজেপি বিধায়কদের পক্ষ থেকে বিধানসভার অন্দরে শুরু হয়ে যায় বিক্ষোভ। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তৎক্ষণাৎ প্রাক্তন বিধায়কের মৃত্যুতে শোকপ্রস্তাব আনেন। এরপরেই অধিবেশন মুলতবি করে দেন। আগামী বিধানসভা অধিবেশনে এই বিল নিয়ে আলোচনা হবে। একথা জানানো হয়। আগামী ৪ ডিসেম্বর ফের বিধানসভার অধিবেশন বসবে। ততদিনে রাজ্যপাল এই বিলে স্বাক্ষর করে ফেলবেন। এমনই মনে করছে সরকারপক্ষ।
তাহলে এভাবে একদিনের জন্য কেন অধিবেশন বসানো হল? সেই নিয়ে বিজেপির অন্দরে প্রশ্ন তোলা হয়েছে। রীতিমতো বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখান। বিধানসভার অন্দরে বিলের প্রতিলিপি ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। অগ্নিমিত্রা পলের নেতৃত্বে বিধানসভার বাইরে সিঁড়িতে বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখান।
কেন রাজ্যপাল এই বিলে সই করছেন না? তাই নিয়ে প্রশ্ন রয়েছে। রাজভবনে একাধিক বিল আটকে রয়েছে। বিধানসভায় নতুন করে সরকারের কাছে কোনও আলোচনার বিষয়বস্তু নেই। একথাও শোনা গিয়েছিল এর আগে।












Click it and Unblock the Notifications