নিশা 'আউট', আবুল 'ইন'! 'হিন্দু বলেই...,' কেন বালিগঞ্জের প্রার্থী বদলে দিলেন হুমায়ুন? কারণ কী?
নতুন দল গঠনের রেশ কাটতে না কাটতেই বালিগঞ্জ কেন্দ্রের প্রার্থী বদল করল জনতা উন্নয়ন পার্টি। ভরতপুরের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর জানালেন যে, বালিগঞ্জে তাঁর দলের নতুন মুখ হচ্ছেন প্রাক্তন পুলিশ অফিসার আবুল হাসান। এর আগের ঘোষিত প্রার্থী নিশা চট্টোপাধ্যায়ের নাম বাতিল করা হয়েছে।

গত সোমবারই 'জনতা উন্নয়ন পার্টি' নামে নিজের একটা নতুন রাজনৈতিক দলের ঘোষণা করেছিলেন হুমায়ুন কবীর। সেদিনই ১০টি বিধানসভা আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছিলেন তিনি। সেই তালিকায় বালিগঞ্জ কেন্দ্র থেকে নাম ছিল নিশা চট্টোপাধ্যায়ের। কিন্তু কয়েক ঘণ্টার যেতে না যেতেই সেই সিদ্ধান্ত বদলে যায়।
হুমায়ুন কবীরের দাবি, তাঁর এক পরিচিত নিশা চট্টোপাধ্যায়ের নাম দেওয়ার প্রস্তাব করেছিলেন। পরে সমাজ মাধ্যমে কিছু ভিডিও এবং ছবি দেখার পর তিনি সিদ্ধান্ত নেন যে, এই ধরনের ব্যক্তি বিধানসভার কাজের জন্য উপযুক্ত নন। তাই তাড়াতাড়ি করে প্রার্থী তালিকা থেকে নিশার নাম সরিয়ে দেওয়া হয়।
অন্যদিকে আবার নিশা চট্টোপাধ্যায় এই অভিযোগ মানতে নারাজ। তাঁর বক্তব্য, ভিডিও অথবা ছবি নয়, ধর্মীয় পরিচয়ের কারণেই তাঁকে বাদ দেওয়া হয়েছে। মঙ্গলবার প্রকাশ্যে তিনি বলেন যে, হুমায়ুন কবীর নিজেই তাঁকে প্রার্থী হওয়ার কথা বলেছিলেন। সমস্তকিছুই ঠিকঠাক চলছিল। হঠাৎ করেই পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়।
নিশার অভিযোগ, নাম বাতিলের পর থেকেই তাঁকে নানারকমের প্রশ্ন, কটাক্ষ এবং সামাজিক চাপের মুখে পড়তে হচ্ছে। এই সম্পূর্ণ ঘটনাটিতে জনতা উন্নয়ন পার্টির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। ভিডিও বিতর্কের আড়ালে অন্য কোনও রাজনৈতিক সমীকরণ কাজ করছে কি না, সেই নিয়েই এখন জোরদার চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
উল্লেখ্য, গত সোমবার নিজের রাজনৈতিক দল ঘোষণা করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। হুমায়ুন কবীর নিজে ভরতপুর এবং রেজিনগর- এই দুই কেন্দ্র থেকে লড়বেন। খড়্গপুর গ্রামীণ কেন্দ্রে দলের প্রার্থী হবেন ইব্রা হাজি। মালদহের বৈষ্ণবনগর থেকে লড়বেন মুস্তারা বিবি। মুর্শিদাবাদ কেন্দ্রে প্রার্থী হবেন মনীষা পাণ্ডে। ভগবানগোলায় প্রার্থী করা হয়েছে ব্যবসায়ী হুমায়ুন কবীরকে। রানিনগর কেন্দ্রেও প্রার্থীর নাম হুমায়ুন কবীর। দক্ষিণ দিনাজপুরের ধনিরাম বিধানসভা কেন্দ্র থেকে লড়বেন ডা. ওয়েদুল রহমান। বালিগঞ্জ থেকে প্রার্থী হবেন প্রাক্তন পুলিশ অফিসার আবুল হাসান ( আগে নিশা চট্টোপাধ্যায়)। ইছাপুরে দলের হয়ে লড়বেন সিরাজুল মণ্ডল।












Click it and Unblock the Notifications