সল্টলেকের ঝুপড়িতে বিধ্বংসী আগুন, বিস্ফোরণ একের পর এক সিলিন্ডারের
সল্টলেকে বিধ্বংসী আগুন। ফাল্গুনি বাজারে পিছনে থাকা ঝুপড়িতে বিধ্বংসী এই আগুন লেগেছে। ইতিমধ্যে ঘটনাস্থলে দমকলের ১০ টি ইঞ্জিন। কিন্তু আগুন এত বিধ্বংসী আকার ধারণ করেছে যে তা নেভাতে হিমশিম খেতে হচ্ছে দমকলকর্মীদের।
আর এর মধ্যেই আগুন ক্রমশ ছড়াতে শুরু করেছে। শুধু তাই নয়, পাশের বস্তিতেও আগুন ছড়িয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। আগুনের তীব্রতা এতটাই যে গোটা আকাশ আগুনের লেলিহান শিখায় লাল হয়ে গিয়েছে। বহু দূর থেকে দেখা যাচ্ছে সেই আগুন।

আর এর মধ্যে ঝুপড়িতে থাকা একের পর এক সিলিন্ডার ব্লাস্ট করতে শুরু করেছে। মাঝে মধ্যেই প্রবল শব্দে কেঁপে উঠছে গোটা এলাকা। ভয়ঙ্কর পরিস্থিতি গোটা এলাকা জুড়ে। দমকলের ১০ টি ইঞ্জিন কাজ করলেও পরিস্থিতি সামলাতে আরও দমকলের গাড়ি আসছে বলে জানা গিয়েছে। চারপাশ দিয়ে জল দেওয়ার কাজ শুরু হয়েছে।
কিন্তু আগুনের তীব্রতা এতটাই যে তা নেভাতে গিয়ে রীতিমত বেগ পেতে হচ্ছে কর্মীদের। শুধু তাই নয়, এতটাই ঘিঞ্জি এলাকা সেখানে ঢুকে কাজও করতে পারছেন না দমকল আধিকারিকরা। এমনকি গাড়িও ঢুকতে পারছে না। যদিও আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে স্থানীয় মানুষজনও। তবে এলাকার মানুষের অভিযোগ, সঠিক সময়ে দমকল আসেনি। আর তা না আসার ফলে পরিস্থিতি এতটা ভয়ঙ্কর হয়েছে।
অন্যদিকে ঘটনার খবর কানে পৌঁছানো মাত্র ঘটনাস্থলে পৌঁছেছেন এলাকার বিধায়ক তথা দমকল কর্মী সুজিত বসু। গোটা ঘটনা সরজমিনে খতিয়ে দেখছেন তিনি। যদিও সংবাদমাধ্যমে মন্ত্রীর দাবি, ১০০ টি ঝুপড়ি এখনও পর্যন্ত আগুনের গ্রাসে চলে গিয়েছে। একাধিক সিলিন্ডার ইতিমধ্যে বার করে আনা হয়েছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কারোর প্রাণ যায়নি বলেও জানিয়েছেন স্থানীয় বিধায়ক।

তবে দ্রুত আগুন নেভানোটাই চ্যালেঞ্জ বলে জানিয়েছেন তিনি। কিন্তু কীভাবে এত বড় আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তবে কোনও ভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে জানা গিয়েছে। যদিও আগুন নেভানোর পর বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের আধিকারিকরা। সার্বিক ভাবে গোটা পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে বলে জানা গিয়েছে।
তবে এই ঘটনায় এলাকাতে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। আতঙ্কিত স্থানীয় মানুষজন। জানা যাচ্ছে, ওই বস্তিতে প্রায় ৫০০ জনেরও বেশি মানুষের বাস। রাতারাতি ভপংকর এই আগুনে গৃহহীন বহু মানুষ।












Click it and Unblock the Notifications