Howrah: "রাতারাতি ঘরছাড়া মানুষ, অথচ বিদেশে ব্যস্ত মমতা," হাওড়াকাণ্ডে শাসকের 'চরম ব্যর্থতা'-র অভিযোগ সুকান্তর
Howrah: হাওড়ায় পাইপলাইন ফেটে বিপর্যয়ে বেজায় অস্বস্তির মুখে শাসক শিবির। দীর্ঘদিন কোনও নজরদারি চলেনি বলে অভিযোগ তুলছেন খোদ স্থানীয়রাই। চারদিন কেটে গেলেও জল, বিদ্যুৎহীন অসংখ্য পরিবার। ফাটল ধরে ধস নেমে ভেঙে পড়ছে একের পর এক বাড়ি। রাস্তাতেই কাটছে দিনরাত। এমতাবস্থায় রাজ্যের শাসকদলকে একযোগে আক্রমণ শানাচ্ছেন বিরোধীরা।
রবিবার এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের কড়া সমালোচনা করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি লেখেন, "মুখ্যমন্ত্রীর কার্যালয় নবান্ন থেকে অনতিদূরে অবস্থিত হাওড়ার বেলগাছিয়ায় হাজার হাজার মানুষ আজ ঘরছাড়া। গোটা এলাকা ধসের কবলে। এলাকায় দূষিত মিথেন গ্যাসও ছড়িয়ে পড়েছে। আর ওদিকে ব্যর্থ মুখ্যমন্ত্রী তাঁর বিলাসবহুল বিদেশ সফরে ব্যস্ত।"

বেলগাছিয়ায় বিপর্যয়ে হাওড়া পুরসভায় ভোট না হওয়াকেও দায়ী করছেন স্থানীয়দের একাংশ। স্থায়ী কোনও কাউন্সিলর না থাকাতেই তাদের উন্নয়নের দিকে কেউ নজর দেয়নি বলে অভিযোগ। এদিন একই কথা বলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও। তাঁর কথায়, "রাজ্যের মানুষ এরকম দূর্বিষহ যন্ত্রণা আগেও সহ্য করেছে, কিন্তু মমতার জনবিরোধী সরকার হাত গুটিয়েই বসে থেকেছে। মানুষকে না বাঁচিয়ে তৃণমূলের নেতারা সিন্ডিকেটের পয়সায় তাদের পকেট ভরাতে ব্যস্ত ছিলেন। অবৈধ ব্যবসা চালিয়ে জনগণের টাকা আত্মসাৎ করেছেন তারা।"
হাজার হাজার মানুষ সর্বস্ব খোয়ানোর পর তৃণমূল অভিনয় করছে বলেও আক্রমণ সুকান্তর। দরকারের সময় সরকারের কারও টিকিটিরও দেখা পাওয়া যায়নি বলে অভিযোগ বিজেপির রাজ্য সভাপতির। মানুষের চেয়ে মমতার কাছে তাঁর বিলাসিতাই বড় বলে মন্তব্য করেন সুকান্ত। তিনি স্পষ্টতই লেখেন, "এটা শুধু ব্যর্থতা নয়, এটা ক্রিমিনাল নেগলিজেন্স।"
তৃণমূলকে আক্রমণ শানান বিজেপি নেতা দিলীপ ঘোষও। তিনি বলেন, "পাইপলাইন কোনও মেরামত হয় না। তাই জন্যেই ফাটছে। মানুষ ভয়ে আছেন। কান্নাকাটি করছেন। ব্রিটিশ আমলের লাইন কোনও মেরামত হয় না। কেউ দেখে না। পর্যবেক্ষণ করে দেখার দরকার আছে।" হাওড়ার বেলগাছিয়ায় বিপর্যস্তদের সঙ্গে দেখা করে তাদের পাশে দাঁড়ান বিজেপি নেতা রুদ্রনীল ঘোষও।












Click it and Unblock the Notifications