হিন্দুরা বাংলায় দ্বিতীয় শ্রেণির নাগরিক! প্রধানমন্ত্রী মোদীর নিশানায় তৃণমূল
Lok Sabha Election 2024: জনগণের উৎসাহী মুখ বলে দিচ্ছে বিজেপি ২০১৯-এর থেকে বেশি ম্যান্ডেট পেতে চলেছে। এদিন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাটপাড়ায় এমনটাই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দাবি করেছেন, বাংলাও বলছে আবার মোদী সরকার। তিনি বলেছেন, তৃণমূল বাংলা বোমা তৈরিকে কুটির শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছে।
দলের প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, তৃণমূলের শাসচনে রাজ্যের হিন্দুরা দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত হয়েছেন।

- হিন্দুরা দ্বিতীয় শ্রেণির নাগরিক
প্রধানমন্ত্রী মোদীর অভিযোগ, বাংলার মানুষ শ্রীরামের নাম নিলে তৃণমূল তাঁদেরকে হুমকি দেয়। তৃণমূল মানুষকে জয় শ্রী রাম বলতে বাধা দেয়। তাঁর অভিযোগ, তৃণমূল রামনবমী উদযাপনেও বাধা দেয়। তিনি অভিযোগ করেছেন, কংগ্রেস রাম মন্দিরের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তিনি প্রশ্ন করেছেন, তৃণমূল, কংগ্রেস কিংবা বামপন্থীদের হাতে কি দেশের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত?
- তৃণমূল বিধায়কের নাম না করে সমালোচনা
প্রধানমন্ত্রী মোদী বলেছেন, রাজ্যের এক তৃণমূল নেতা বলেছেন, তারা হিন্দুদের ভাগীরথী নদীতে ফেলে দেবে। এসব বলার সাহস তারা পায় কোথা থেকে, প্রশ্ন করেছেন মোদী। তাকে কে সমর্থন করছে, সেই প্রশ্নও করেছেন প্রশানমন্ত্রী। তিনি আরও বলেছেন, তৃণমূলের শাসনে হিন্দুরা বাংলায় দ্বিতীয় শ্রেণির নাগরিক হয়ে উঠেছে।
প্রসঙ্গত উল্লেখ্য, মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির দলীয় এক কর্মসূচিতে মন্তব্য করেছিলেন, হিন্দুদের দুইঘন্টার মধ্যে ভাগীরথী নদীতে ডুবিয়ে দিতে পারেন, না হলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন।
- কংগ্রেসকে নিশানা
ভাটপাড়ার সমাবেশে কংগ্রেসকে নিশানা করতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, স্বাধীনতার পরে কংগ্রেস দলের পরিবারের সদস্যরা কয়েক দশক ধরে দেশ শাসন করেছে। , তারাই পূর্ব ভারতের রাজ্যগুলিকে অবহেলা করেছে। পশ্চিমবঙ্গ, বিহার, ঝড়খণ্ড, ওড়িশা, অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যগুলিকে ফল ভুগতে হয়েছে। তিনি আরও বলেছেন, ইন্ডিয়া ব্লকের দলগুলি পূর্ব ভারতকে পিছিয়ে রেখেছিল। তারা রাজ্যগুলির সম্ভাবনাকে কাজে লাাগায়নি।
- মোদীর প্রতিশ্রুতি
প্রধানমন্ত্রী মোদী বলেছেন, পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রাকৃতিক সম্পদ থেকে অর্থনীতি, সব ক্ষেত্রেই উন্নয়নের সম্ভাবনা রয়েছে। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, মোদী সরকার পূর্ব ভারতকে উন্নত ভারতের গ্রোথ ইঞ্জিনে পরিণত করবে। তিনি বলেছেন, দেশের পূর্বাঞ্চলের রাজ্যগুলির সড়ক, রেল ও জলপথের নেটওয়ার্ক তৈরি করেছে সরকার। তিনি আরও বলেছেন, আগামী বছরগুলিতে সরকার পশ্চিমবঙ্গ এবং সন্নিহিত রাজ্যগুলির উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যেতে সচেষ্ট হবে।












Click it and Unblock the Notifications