High Court: ৫০ লক্ষ টাকা জরিমানা রাজ্যকে, সমবায় দুর্নীতি মামলায় চালাকির শাস্তি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
রাজ্যকে ৫০ লক্ষ টাকা জরিমানা করল আদালত। সমবায় দুর্নীতি মামলায় শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের জরিমানা করার সিদ্ধান্ত নেন। আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমবায় দুর্নীতির নথি সিবিআই ও ইডিকে হস্তান্তর না করায় রাজ্যকে জরিমানা করেন বিচারপতি।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন রাজ্যকে উদ্দেশ্য করে সাফ জানিয়ে দেন, এই সব চালাকি করলে ছেড়ে দেবে না আদালত। ১৮ সেপ্টেম্বরের মধ্যে সিআইডিকে সমস্ত নথি ইডি-সিবিআইকে তুলে দিতে হবে। নির্দেশ না মানলে স্বরাষ্ট্রসচিবকে আদালতে হাজিরা দিতে হবে বলে হুঁশিয়ারিও দেন তিনি।

সমবায়ে ৫০ কোটির আর্থিক দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ কার্যকর হয়নি বলে অভিযোগ ওঠে সিআইডির বিরুদ্ধে। সিআইডি মামলার নথি হস্তান্তর করেনি সিবিআই ও ইডিকে। উল্টে আগের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন জানায় সিআইডি। তাতেই চরম বিরক্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
রীতিমতো বিরক্ত হয়েই রাজ্যকে ৫০ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেন তিনি। তিনি বলেন, দুই সপ্তাহের মধ্যে এই অর্থ জমা করতে হবে রেজিস্ট্রার জেনারেল কাছে। ক্ষুব্ধ বিচারপতির বক্তব্য, গরিবের টাকা মেরে আপনারা ছেলেখেলা করছেন? কারা এই টাকা নিয়েছে সিআইডি এতদিনেও জানে না। কিন্তু আমি জানি।
একইসঙ্গে আদালতের নির্দেশ, সিআইডি থেকে সিবিআই এর হাতে তদন্তভার তিনদিনের মধ্যে স্থানান্তর করতে হবে। পরের ৩ দিনের মধ্যে এই তদন্ত শুরু করবে সিবিআই। তদন্ত করবে ইডিও। যদি নির্দেশ কার্যকর বা হয় তাহলে স্বরাষ্ট্র সচিবকে তলব করা হবে। রেজিস্ট্রারকে নির্দেশ কার্যকরী করতে বলেন তিনি।
আলিপুরদুয়ারের এক সমবায় গোষ্ঠীর অন্তত ৫০ কোটি টাকার আর্থিক দুর্নীতিতে একযোগে সিবিআই এবং ইডিকে তদন্তে নামার নির্দেশ দেন বিচারপতি। ২৪ আগস্ট সেই নির্দেশ দেওয়া হলেও এতদিন তার কোনও অগ্রগতিই হয়নি। বৃহস্পতিবার থেকেই তদন্ত শুরু করতে হবে। কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে এই নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।












Click it and Unblock the Notifications