Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সপ্তাহান্তেই গরমের ইঙ্গিত, শীত কি বিদায়ের পথে? কী বলছে আবহাওয়া দপ্তর? জানুন

ফাল্গুনের ক্যালেন্ডার শুরু হতেই বসন্তের মৃদু হাওয়া নয়, বরং গরমের আগমনী বার্তা স্পষ্ট। ফেব্রুয়ারির শেষ লগ্নে তাপমাত্রা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী। সপ্তাহান্তে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে শীতের আমেজ প্রায় উধাও হতে চলেছে বলেই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়াবিদদের পর্যবেক্ষণ অনুযায়ী, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে স্বস্তির খবর এই সিস্টেমের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে পড়ার আশঙ্কা নেই। ফলে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই, বরং শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে।

বৃহস্পতিবার থেকেই তাপমাত্রা বাড়ার প্রবণতা স্পষ্ট। ২০ ফেব্রুয়ারি থেকে সর্বনিম্ন ও সর্বোচ্চ দুই তাপমাত্রাই ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। সপ্তাহান্তে কলকাতার পারদ ৩১ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। ভোরে হালকা কুয়াশা দেখা গেলেও বেলা বাড়তেই তা মিলিয়ে যাবে।

শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস ৭৯ দিনের মধ্যে প্রথমবার পারদ নামল ১৯ এর ঘরে। তবে এই সামান্য শীতের স্পর্শ বেশিক্ষণ স্থায়ী হবে না। আগামী দু তিন দিনে আরও ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে দিনেই বেশি গরম
অদ্ভুতভাবে দিনের তাপমাত্রায় উত্তরবঙ্গই এখন দক্ষিণবঙ্গকে টক্কর দিচ্ছে। বাগডোগরায় পারদ উঠেছে ৩৩.৬ ডিগ্রিতে, জলপাইগুড়িতে ৩৩ ডিগ্রি। অন্যদিকে পুরুলিয়ায় ৩২.৩ ডিগ্রি ছুঁয়েছে তাপমাত্রা। কলকাতায় টানা দু'দিন সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ফেব্রুয়ারির শেষ সপ্তাহে দিন ও রাত দুই সময়েই তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে।

তবে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকছে আগামী কয়েকদিন। উত্তুরে হাওয়ার প্রভাব থাকলেও বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে।

বর্তমানে একটি পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম রাজস্থান ও পঞ্জাব, হরিয়ানা সংলগ্ন এলাকায় অবস্থান করছে। রবিবার উত্তর পশ্চিম ভারতে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশের সম্ভাবনা। এদিকে দক্ষিণ ও পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপটি ক্রমে দুর্বল হচ্ছে, তবে নতুন করে আরেকটি নিম্নচাপ তৈরি হওয়ার ইঙ্গিত মিলেছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায়। এটি আগামী ২৪ ঘণ্টায় পূর্ব ভারত মহাসাগর ও দক্ষিণ ও পশ্চিম বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করতে পারে।

দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী সপ্তাহের শুরুতে, বিশেষ করে সোমবার ও মঙ্গলবার, কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ওড়িশা সংলগ্ন উপকূলবর্তী এলাকায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। বঙ্গোপসাগরে ঘন ঘন নিম্নচাপ সৃষ্টির ফলে জলীয় বাষ্প প্রবেশের সম্ভাবনাই এই পরিবর্তনের কারণ।

সব মিলিয়ে বলা যায়, ফাল্গুনের শুরুতেই শীত বিদায়ের সুর বাজতে শুরু করেছে। সকালের হালকা ঠান্ডা আর রাতের শিরশিরে অনুভূতি দ্রুতই অতীত হতে চলেছে। এখন অপেক্ষা, বসন্ত না গরম কোন ঋতু নিজের দাপট আগে দেখায়!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+