বদল করুন খেলা হবে দিবসের তারিখ, মুখ্যমন্ত্রী মমতার কাছে সরাসরি আর্জি রাজ্যপাল ধনখড়ের
বদল করুন খেলা হবে দিবসের তারিখ, মুখ্যমন্ত্রী মমতার কাছে সরাসরি আর্জি রাজ্যপাল ধনখড়ের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) 'খেলা হবে দিবস' (khela diwas) -এর তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে তা নিয়ে প্রতিবাদ করেছিল বিজেপি (bjp)। পরে শুভেন্দু অধিকারী (suvendu adhikari) সনাতন ধর্মের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের (jagdeep dhankhar) সঙ্গে সাক্ষাৎ করেন। এরপরে রাজ্যপাল টুইট করে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করলেন খেলা হবে দিবস'-এর তারিখ পরিবর্তনের জন্য।

২১ জুলাই ঘোষণা
খেলা হবে স্লোগানে সাফল্য পাওয়ার পরে খেলা হবে দিবস পালন করা কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বলেছিলেন, ওই দিন ৫০ হাজার ফুটবল দেওয়া হবে। ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের ভার্চুয়াল মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান, ১৬ অগাস্ট পালন করা হবে খেলা হবে দিবস। তবে কেন ওই দিনটিকে তিনি বেছে নিয়েছেন, সে সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেছিলেন নবীন প্রজন্ম যাতে খেলায় এগিয়ে যেতে পারে সেই কারণেই খেলা হবে দিবস পালন।
১৬ অগাস্টের দুই ইতিহাস আছে। ১৯৪৬ সালের ১৬ অগাস্ট মুসলিম লিগের ডাকে প্রত্যক্ষ সংগ্রাম দিবস পালন করা হয়। সেই দিনে কলকাতায় ভয়াবহ দাঙ্গা সংগঠিত হয়েছিল। পরে সেই দাঙ্গা ছড়িয়ে পড়েছিল অবিভক্ত বাংলার বিভিন্ন জায়গায়। বহু মানুষের মৃত্যু হয়।
অন্যদিকে ১৯৮০ সালের ১৬ অগাস্ট ইডেন গার্ডেন্সে ইস্টবেঙ্গ ও মোহনবাগান ম্যাচে উত্তাজনা ছড়ায় গ্যালারিতে। ব্যাপক বিশৃঙ্খলার জেরে ১৬ জন দর্শকের মৃত্যু হয় সেদিন। সেই দিনটিকে তারপর থেকে ফুটবল প্রেমী দিবস হিসেবে পালন করে রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়।

বিজেপির বিরোধিতা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার দিন থেকেই খেলা হবে দিবসের তারিখ নিয়ে আপত্তি জানিয়ে আসছে বিজেপি। প্রথমেই গেরুয়া শিবিরের তরফ থেকে কলকাতায় ১৯৪৬ সালের প্রত্যক্ষ সংগ্রাম দিবসের তারিখের কথা উল্লেখ করা হয়েছে। পরবর্তী সময়ে বিজেপির তরফে জানানো হয় ওদিনে তারা পশ্চিমবঙ্গে বাঁচাও দিবস পালন করবে।

রাজ্যপালের কাছে দরবার ৫৭ টি সনাতন সংগঠনের প্রতিনিধিদের
মঙ্গলবার ১৬ অগাস্ট খেলা হবে দিবসের তারিখ নিয়ে আপত্তির কথা জানিয়ে রাজ্যপালের কাথে দরবার করেন ৫৭ টি সনাতন ধর্মের ৫৭ টি সংগঠনের প্রতিনিধিরা। সেই তালিকায় ছিলেন ভারত সেবাশ্রম সংঘের সন্যাসীরাও। এর নেতৃত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। তবে সেখানে তিনি রাজনৈতিক প্রতিনিধি হিসেবে নয়, মেছেদার জগন্নাথ ধামের প্রতিনিধি হিসেবে গিয়েছিলেন বলেও জানিয়েছিলেন। রাজ্যে সনাতন ধর্মের বিশ্বাসীদের সমস্যা তুলে ধরার পাশাপাশি খেলা হবে দিবসের তারিখ নিয়েও আপত্তি করেন।

মুখ্যমন্ত্রীর কাছে রাজ্যপালের আর্জি
এদিন টুইট করে রাজ্যপাল মুখ্যমন্ত্রীর কাছে খেলা হবে দিবসের তারিখ পরিবর্তনের আর্জি জানিয়েছেন। সেখানে তিনি গণতন্ত্রের বিকাশে শান্তি ও সম্প্রীতির কথা তুলে ধরেছেন। বলেছেন, যা বিভেদ তৈরি করতে পারে এমন ঘটনা এড়িয়ে যাওয়া উচিত। পাশপাশি তিনি বলেছেন, তিনি আশা করছেন, মুখ্যমন্ত্রী জনস্বার্থেই দ্রুত এর তারিখ বদল করবেন।












Click it and Unblock the Notifications