মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী করাই লক্ষ্য, কাজ গুছিয়ে এনেছেন শুভেন্দু!
এর আগে নন্দীগ্রামের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন বানিয়েছেন। ২০২৬ সালের ভোটে রাজ্য থেকে তাঁকে প্রাক্তন করা হবে। সেই কাজ করবেন শুভেন্দু অধিকারী৷ নিজেই এই কথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা, নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।
রাজ্যের বিভিন্ন জায়গায় একের পর এক শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠছে৷ দুর্নীতির ঘটনা প্রকাশ্যে আসছে৷ তাই নিয়ে রীতিমতো আক্রমণ শানাচ্ছেন বিরোধীরা৷ শুভেন্দু অধিকারীও রাজ্যের শাসক দলকে নিশানা করেছেন।

১০ নভেম্বর নন্দীগ্রামে রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছিল চাষের জমি বাঁচানোর জন্য। তৎকালীন বাম সরকারের সময় নন্দীগ্রামের সেই ঘটনা রাজনৈতিক দলিল৷ সেই 'রক্তাক্ত সূর্যোদয়' - এর এবার ১৭ বছর৷ প্রতি বছরের মতো এবারও গোকুলনগরে হাজির হয়েছিলেন শুভেন্দু অধিকারী৷ তিনি শহিদবেদিতে শ্রদ্ধা জানান। নীরবতা পালন করা হয়।
রাজ্যের শাসক দল তৃণমূলকে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী৷ তিনি দাবি করেন, গতবার ভোট ছিল বলে তৃণমূল নেতারা গিয়েছিলেন৷ কিন্তু তাঁর সঙ্গে গোকুলনগরের ভোটের সম্পর্ক নয়৷ তাই তিনি অতীতেও গিয়েছেন সেখানে৷ আগামী দিনেও এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন।
নন্দীগ্রামের সেদিনের আন্দোলনে যারা ছিল না, তারা আজ রাজ্যের শাসক৷ পুলিশ তাদের দেখভাল করে। পুলিশ ছাড়া তাদের এখন অস্তিত্ব নেই। কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম থেকে আট হাজারের বেশি ভোটে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে লোকসভা ভোটে জেতানো হয়৷ সেজন্য ওই এলাকার মানুষকে শুভেচ্ছা জানান তিনি৷
তৃণমূল কংগ্রেস মিথ্যা মামলা দিয়ে, ভয় দেখিয়ে শুভেন্দু অধিকারীর দুর্গে ফাটল ধরানোর চেষ্টা করছে। কিন্তু সেটি সম্ভব নয়। জানিয়েছেন তিনি নিজেই। শুভেন্দু এদিন বলেন, " কয়েক দিন আগে মহেশপুরে সমবায় সমিতির ভোট হয়েছে। তাতে ১২ টি আসনের মধ্যে ১১টা আপনারা আমাকে দিয়েছেন। আমি কৃতজ্ঞ। প্রণাম জানাই আপনাদের। গত দুই মাসে ব্যাঙ্কের ১১ টা সমিতির ভোট হয়েছে। আটটা সমিতি আমাকে আপনারা দিয়েছেন। "
শুভেন্দু আরও বলেন, " ৪০ টা সমিতি আছে। ৩০ টা সমিতি আমি নিয়ে নেব ভোট করলে। কিচ্ছু করতে পারবে না। ঘরে ঘরে আছি আমি।।" এদিন বিরোধী দলনেতা জোর গলায় বলেন, " আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করেছেন। আমার দায়িত্ব ২৬ সালে ওনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করার। কাজটা আমি করব। গুছিয়ে নিয়ে এসেছি। বেশি সময় নেই।"












Click it and Unblock the Notifications