অভিমান না করে কাজে ফিরুন, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কথায় এজলাস বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার হাইকোর্টে
মিটমাট হয়ে গেল৷ "কাজ করতে গেলে মাথা গরম হয়। ওটা নিয়েই চলতে হবে।" বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই কথাই বলেন বার অ্যাসোসিয়েশনের দু'নম্বর ঘরে গিয়ে। আইনজীবীদের সঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কথাবার্তাও বলেন।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিল বার অ্যাসোসিয়েশন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আইনজীবীর সঙ্গে সঠিক ব্যবহার করেননি। আদালত অবমাননার অভিযোগ এনেছিলেন বিচারপতি। ওই আইনজীবীকে শেরিফের হাতে তুলে দেওয়া হয়। যদিও পরে তাকে ছেড়েও দেওয়া হয়।

তাই নিয়েই শুরু হয় চর্চা। বার অ্যাসোসিয়েশনের কাছে ওই আইনজীবী অভিযোগ দায়ের করেন। তারপরেই শুরু হয়ে গিয়েছিল চাপানউতোর। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কট করার ডাক দেওয়া হয়। শুধু তাই নয়,বিচারপতিকে ক্ষমা চাইতে হবে। এই দাবিও জোরালো হয় সোমবার। এই ঘটনায় কলকাতা হাইকোর্ট চত্বরে রীতিমতো কথাবার্তা শুরু হয়ে গিয়েছিল।
মঙ্গলবার হাইকোর্ট যাননি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওই দিন তাঁর এজলাসে থাকা মামলা অন্য বিচারপতির ঘরে চলে যায়। জল্পনা আরও বাড়ে। বুধবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় আদালতে যাননি। আজ বৃহস্পতিবার তিনি কলকাতা হাইকোর্ট গিয়েছেন। নিজের এজলাসে তিনি কাজকর্ম শুরু করেন।
কিছু মামলার শুনানি হয়। তবে বহু আইনজীবী তাঁর এজলাস বয়কট করেন। হাতে গোনা কয়েকজন আইনজীবী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এসেছিলেন। ক্ষমা তিনি চাইবেন না। একথা এদিন জানিয়েছিলেন বিচারপতি। কিন্তু তিনি বার অ্যাসোসিয়েশনের ঘরে যাবেন। এ কথাও বিচারপতি বলেন।
আজ দুপুর একটা ১৫ মিনিট নাগাদ বার অ্যাসোসিয়েশনের দু'নম্বর ঘরে যান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উপস্থিত আইনজীবীদের সঙ্গে তিনি কথাও বলেন। আইনজীবীদের উদ্দেশ্যে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, "রাগ অভিমান করে থাকবেন না, কাজে ফিরুন। কাজ করতে গেলে মাথা গরম হয়। ওটা নিয়েই চলতে হবে। নতুন বছর আসছে পুরনো কথা ভুলে নতুন করে এগিয়ে যেতে হবে।"
এরপর আইনজীবীরাও আর নিজেদের সিদ্ধান্তে অনড় থাকেননি। এজলাস বয়কটের সিদ্ধান্ত থেকে বার অ্যাসোসিয়েশন সরে আসে। আজ দুটোর পর থেকে এজলাসে কাজকর্ম শুরুও হয়ে গিয়েছে। এমন কথাই শোনা গিয়েছে।












Click it and Unblock the Notifications