সীমান্তে চলল গুলি, উত্তপ্ত ফাঁসিদেওয়া, বিএসএফ জওয়ানের মাথায় ধারালো অস্ত্রের কোপ!
ফের গরু পাচার আটকাতে গিয়ে জখম বিএসএফ জাওয়ান। ভোরের বেলা ভারত বাংলাদেশ সীমান্তে গরু পাচারের চেষ্টা করে পাচারকারীরা। শেষ সময় সেই চেষ্টা রুখে দিল বিএসএফ জওয়ানরা। ঘটনায় বিএসএফ জাওয়ানদের উপর হামলা চালায় পাচারকারীরা। ঘটনাটি ঘটেছে ফাঁসিদেওয়ার ভারত বাংলাদেশ সীমান্তের মুড়িখাওয়াতে।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে গরু পাচারকারীর একদল ভারত থেকে বাংলাদেশে যাওয়ার পথে বেশ কয়েকটি গরু সীমান্ত দিয়ে এপার ওপার করার চেষ্টা করে। বিএসএফের নজরে আসতেই তাদের দাঁড়াতে বলা হয়। এরপরই চম্পট দেয় গরু পাচারকারী ওই দল। তবে পাচারকারীর ওই দল পালিয়ে গেলেও তাদের মধ্যে একজন বিএসএফ জাওয়ানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। যা কোনক্রমে দিক ভ্রষ্ট হয়। আর এরপরে পাচারকারীকে আটক করে বিএসএফ জওয়ানরা।

বিএসএফ সূত্রে আরও খবর, ঘটনার জেরে বিএসএফ জওয়ানের মাথায় ধারালো অস্ত্রের কোপও দেয় এক পাচারকারী। শেষমেষ অন্যান্য জাওয়ানরা সেখানে পৌঁছে আটক করে গরু পাচারকারী ওই দুষ্কৃতীকে। জানা গিয়েছে, ধৃতের নাম মহম্মদ মোজাফফর হোসেন। শুধু তাই না ধৃতকে হেফাজতে রেখে তল্লাশি চালানো হলে আরো চারটি গরু উদ্ধার হয়। সঙ্গে উদ্ধার হয়েছে পিস্তল এবং কার্তুজ। এরপর ধৃতকে ফাঁসি দেওয়া পুলিশের হাতে তুলে দেন বিএসএফ জাওয়ানরা।
উল্লেখ্য, শুধু ফাঁসিদেওয়ায় নয়, মালদহ ও নদিয়া জেলার সীমান্তেও জওয়ানরা পাচারের সময় একাধিক গরু উদ্ধার করেন। সঙ্গে ৮৫১ বোতল নিষিদ্ধ ফেনসিডিলও বাজেয়াপ্ত করা হয়। এমনকি নজর এড়িয়ে গরু পাচারের আড়ালে অনুপ্রবেশের চেষ্টা করা হয়েছিল। নজর পড়তেই বিএসএফ জাওয়ানরা বাধা দেয়। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। রীতিমতো ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে দুষ্কৃতীরা। আত্মরক্ষায় কয়েক রাউন্ড গুলি চালায় বিএসএফ জওয়ানরা। শেষমেষ গরু রেখেই পালাতে বাধ্য হয় বাংলাদেশী দুষ্কৃতীরা। তবে ঘটনার পর থেকে বিএসএফের পক্ষ থেকে বাড়ানো হয়েছে নিরাপত্তা।












Click it and Unblock the Notifications