পেঁয়াজের দাম বাড়ার আশঙ্কা! মমতাকে খোঁচা দিয়ে কী বললেন শুভেন্দু?
বন্ধ রয়েছে পশ্চিমবঙ্গ - ঝাড়খণ্ড সীমান্ত। সীমান্তের ওপারে সার দিয়ে দাঁড়িয়ে আছে পণ্যবাহী ট্রাক ও লরি। এমনিতেই বন্যার কারণে সবজি ও অন্যান্য ফসলের খেত ডুবে গিয়েছে। যোগাযোগ ব্যবস্থাও সমস্যার সামনে। তার মধ্যে কি সীমান্ত বন্ধের কারণে এবার সবজি আনাজপাতির দাম বাড়বে?
শুভেন্দু অধিকারী তেমন ইঙ্গিত দিয়েছেন। সীমান্ত বন্ধ থাকার কারণে পেঁয়াজের গাড়ি আটকে যাচ্ছে। পেঁয়াজের দাম আবার বেড়ে যাবে। এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধী দলনেতা।

সীমান্ত আটকে দেওয়া বিষয়ে এবার আক্রমণাত্মক মেজাজে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। ঝাড়খণ্ড - ঝাড়গ্রাম সীমান্ত আটকে দেওয়া হয়েছে। তার ফলে জাতীয় সড়কের উপর লাইন দেখা গিয়েছে। ঝাড়খণ্ডের সীমান্ত আটকালে পেঁয়াজের গাড়ি দাঁড়িয়ে যাবে। পেঁয়াজ সরবরাহ বন্ধ হয়ে যাবে। এই কথা জানিয়েছেন শুভেন্দু।
এদিন শুভেন্দু বলেন, " ঝাড়গ্রাম সীমান্তে ঝাড়খণ্ডের গাড়ি আটকালে সব পেঁয়াজ আটকাবে। ওই রাস্তা নাগপুর, নাসিক, ছত্রিশগড় হয়ে বাংলায় ঢুকছে। এখান থেকে উত্তর পূর্বাঞ্চল সিকিম, নেপাল, ভুটান যাচ্ছে। ভয়ংকর পরিস্থিতি ওখানে করা হয়েছে।"
কুলটি বর্ডারেও কয়েক হাজার গাড়ি দাঁড় করিয়ে রেখেছে রাজ্য সরকার। এই বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। সীমান্ত খোলা না হলে রাজ্যপাল সিভি আনন্দ বোস, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মন্ত্রী নীতীন গডকড়িকে তিনি চিঠি লিখবেন। সীমান্ত খোলার জন্য প্যারামিলিটারি ফোর্স নামানোর আবেদন করবেন তিনি। এই কথাও জানিয়েছেন শুভেন্দু।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়খণ্ড - পশ্চিমবঙ্গ সীমান্ত বন্ধ রাখতে বলেছেন। তিন তারিখ পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার কথা বলা হয়েছে। আর তারপর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। "লিখিত অর্ডার দেওয়ার সাহস মুখ্যসচিবের নেই।" সেই কথাও বলেছেন শুভেন্দু অধিকারী৷












Click it and Unblock the Notifications