সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার
উত্তরবঙ্গের মাটি থেকেই আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারের সূচনা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার জলপাইগুড়ির ময়নাগুড়ি টাউন ক্লাব মাঠে প্রথম জনসভায় হাজির হয়ে সরাসরি বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। তাঁর বক্তব্যে বারবার উঠে এল মানুষের শক্তির কথা, আর সেই ভরসাতেই লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
সভামঞ্চ থেকে মমতার অভিযোগ, "বিজেপি ও কমিশন মিলে আমার সব কেড়ে নিয়েছে, কিন্তু আমার কাছে মানুষ আছে।" তাঁর দাবি, কেন্দ্রীয় শাসকদল ভোটার তালিকায় কারচুপি করে বিশেষ করে মহিলা ও সংখ্যালঘুদের নাম বাদ দিচ্ছে। তিনি বলেন, বিয়ে বা ঠিকানা পরিবর্তনের মতো কারণ দেখিয়ে বহু মা বোনের নাম কেটে দেওয়া হচ্ছে, যা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক ইঙ্গিত।

এদিন কেন্দ্রীয় বাহিনীকেও সরাসরি বার্তা দেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, বাহিনীকে সম্মান করলেও তাঁদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। কড়া সুরে সতর্ক করে দিয়ে মমতা বলেন, ভোটের সময় যদি কেউ পক্ষপাতদুষ্ট আচরণ করেন, তাহলে সাধারণ মানুষই তার জবাব দেবে।
এসআইআর প্রসঙ্গেও সরব হন তিনি। অভিযোগ করেন, এই প্রক্রিয়ার মাধ্যমে রাজবংশী সহ একাধিক সম্প্রদায়ের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। তাঁর প্রশ্ন, "এসআইআরের ফলে যদি কেউ বঞ্চিত হন বা ক্ষতিগ্রস্ত হন, তার দায় কে নেবে?"
তবে শুধু অভিযোগেই থেমে থাকেননি তৃণমূল নেত্রী। উন্নয়নমূলক কাজের কথাও তুলে ধরেন তিনি। তাঁর কথায়, "আমরা প্রতিশ্রুতি দিই না, কাজ করে দেখাই।" চা বাগান খোলা রাখা থেকে শুরু করে চা সুন্দরী প্রকল্প চালুর কথা উল্লেখ করে তিনি বলেন, এই ধারাবাহিক উন্নয়ন বজায় রাখতে তৃণমূলকেই সমর্থন করা উচিত।
পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মমতা। যদিও কেন্দ্রের নীতির কারণে তাঁর কিছু করার সীমাবদ্ধতা রয়েছে বলে জানান তিনি। তবুও আত্মবিশ্বাসের সুরে বলেন, "আমার থেকে অনেক কিছু কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু মানুষের সমর্থনটাই আমার সবচেয়ে বড় শক্তি।"
অন্নপূর্ণা পুজোর শুভক্ষণে প্রচার শুরু করার কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। দেবীর আশীর্বাদকে সঙ্গী করেই নির্বাচনী যাত্রা শুরু করেছেন বলে জানান তিনি।
এবারের ময়নাগুড়ি কেন্দ্রে তৃণমূলের প্রার্থী রামমোহন রায়ের সমর্থনেই এই সভা করেন মমতা। তার আগে কলকাতা বিমানবন্দর থেকেই নির্বাচন কমিশন ও বিজেপির যোগসাজশ নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। কমিশনের একটি পুরনো নথিতে বিজেপির প্রতীক সহ সিল ব্যবহারের প্রসঙ্গ টেনে মমতার কটাক্ষ, "পিছন থেকে নয়, সামনে এসে খেলুন।"
উত্তরবঙ্গের এই সভা থেকেই স্পষ্ট, নির্বাচনী লড়াইয়ে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে নামতে চলেছে তৃণমূল নেতৃত্ব, আর তার কেন্দ্রে থাকছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications