রাতারাতি বড় সিদ্ধান্ত! মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে সরাল নির্বাচন কমিশন, নতুন দায়িত্বে কারা?
রাজ্যে বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণা হওয়ার ঠিক কয়েক ঘণ্টার মধ্যেই বড় এক প্রশাসনিক সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। মুখ্যসচিব পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে সরানো হয়েছে এবং সেই সঙ্গে স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনাকেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কমিশন জানিয়ে দিয়েছে যে, ভোট প্রক্রিয়া যতদিন না পর্যন্ত শেষ হচ্ছে ঠিক ততদিন পর্যন্ত তাঁরা নির্বাচনের কোনওরকম কাজে যুক্ত থাকতে পারবেন না।

নন্দিনীর চক্রবর্তীর পরিবর্তে নতুন মুখ্যসচিব হিসেবে ১৯৯৩ ব্যাচের আইএএস আধিকারিক দুষ্মন্ত নারিওয়ালা সেই দায়িত্ব পাচ্ছেন। অন্যদিকে আবার, নতুন স্বরাষ্ট্রসচিব হিসেবে সংঘমিত্রা ঘোষকে নিয়োগ করা হয়েছে, যিনি হলেন ১৯৯৭ ব্যাচের আইএএস অফিসার। তাঁদের আজ দুপুর ৩টের মধ্যে নতুন দায়িত্ব গ্রহণ করতে বলা হয়েছে।
গতকাল অর্থাৎ রবিবার বিকেলে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। দিল্লির বিজ্ঞান ভবন থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেন। আর তার পরেই রাজ্যে আদর্শ আচরণবিধি কার্যকর হয়। এই সময়টিতে নির্বাচন কমিশনের হাতে প্রশাসনিক রদবদল করার ক্ষমতা বিশেষ ভাবে থাকে। এর আগেও নির্বাচন ঘিরে পুলিশ এবং প্রশাসনের বিভিন্ন পদে বদলি চোখে পড়ার মত হয়েছে। তবে মুখ্যসচিব স্তরে এরকম ধরনের পরিবর্তন খুব কমই দেখা গিয়েছে।
কমিশন সূত্রে জানা গিয়েছে যে, পশ্চিমবঙ্গে এই বার মোট দুই দফায় ভোট হবে, ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। প্রথম দফায় ১৫২টি এবং দ্বিতীয় দফায় ১৪২ টি কেন্দ্রের ভোট হবে। সমস্ত দফার ভোট শেষ হওয়ার পর ফল ঘোষণা করা হবে ৪ মে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গে এত কম দফায় ভোট হওয়ার ঘটনা খুব একটা নেই। ২০২১ সালের বিধানসভা নির্বাচন আট দফায় হয়েছিল।












Click it and Unblock the Notifications