রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক সারল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, দুই ধাপে ভোট করানোর দাবি
পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আজ কলকাতার নিউ টাউনের একটি হোটেলে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বৈঠক সারল বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে। কাল সকালে কমিশনের ফুল বেঞ্চের সাংবাদিক বৈঠক রয়েছে।
এদিনের বৈঠকে হাজির ছিল তৃণমূল কংগ্রেস (TMC), বিজেপি, সিপিআই(এম), কংগ্রেস, আম আদমি পার্টি (AAP), ন্যাশনাল পিপলস পার্টি (NPP), ফরওয়ার্ড ব্লক-সহ একাধিক দল।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে উপস্থিত ছিলেন সুখবীর সিং সান্ধু, বিবেক যোশী ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। বৈঠকে বহু দল আসন্ন নির্বাচন সর্বোচ্চ দু'টি ধাপে করার দাবি জানায়।
নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিষয়ে বিশদ আলোচনা হয়। একাধিক দল এক বা দু'টি ধাপে ভোট আয়োজনের পরামর্শ দিয়ে শান্তিপূর্ণ নির্বাচন কামনায় পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে।
দলগুলো ভোটারদের ভয় দেখানো ও অসামাজিক কার্যকলাপ দমনে কমিশনের কাছে কঠোর পদক্ষেপের আর্জি জানায়। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের জন্য পর্যাপ্ত কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (CAPF) ও জোরালো নিরাপত্তা ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
কিছু দল নির্বাচনে বোমা, অবৈধ আগ্নেয়াস্ত্র ও অর্থ বা পেশী শক্তির সম্ভাব্য ব্যবহার নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে। জবাবে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার দলগুলোকে আশ্বস্ত করে বলেন, নির্বাচন কঠোরভাবে আইন মেনেই হবে। সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে কমিশন সব প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
জ্ঞানেশ কুমার দৃঢ়ভাবে বলেন, "নির্বাচন কমিশন সহিংসতার প্রতি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। নিরপেক্ষ, স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার জন্য আমরা সমস্ত রকমের বন্দোবস্ত রাখব।" তাঁর মতে, নির্বাচনী তালিকা সংশোধনের (SIR) প্রক্রিয়া নিরপেক্ষভাবে হয়েছে। ফর্ম ৬, ৭ ও ৮ এখনও নাম সংযোজন, বাদ বা সংশোধনের জন্য উপলব্ধ।












Click it and Unblock the Notifications