বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত
পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে আনুষ্ঠানিকভাবে বেজে গেল ভোটের দামামা। রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের জন্য নির্বাচন কমিশন প্রকাশ করল ভোটের বিজ্ঞপ্তি ও পূর্ণাঙ্গ সময়সূচি। ঘোষণামতো, এবারের ভোটগ্রহণ হবে দুই দফায়, প্রতিদিনই সকাল ৭টা থেকে শুরু হবে ভোটদান। চলবে বিকেল ৬ টা পর্যন্ত।
গত ১৫ মার্চ পশ্চিমবঙ্গ সহ মোট চারটি রাজ্য সহ একটি কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছিল কমিশন। তারই ধারাবাহিকতায় বাংলায় ভোট হবে ২৩ এপ্রিল প্রথম দফা ও ২৯ এপ্রিল দ্বিতীয় দফা। প্রথম দফায় ১৫২টি আসনে ও দ্বিতীয় দফায় বাকি ১৪২টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হবে। ভোটগণনা নির্ধারিত হয়েছে আগামী ৪ মে।

ভোটের আগে প্রার্থী ঘোষণায় কার্যত শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে রাজনৈতিক দলগুলি। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই ২৯১টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। পাহাড়ের তিনটি আসন তারা ছেড়ে দিয়েছে অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার জন্য।
বিজেপিও তিন দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে, প্রথম দফায় ১৪৪টি ও দ্বিতীয় দফায় ১১২টি আসনে নাম ঘোষণা করা হয়েছে। এখনও ১৯টি আসনে প্রার্থী ঘোষণা বাকি রয়েছে।
বামফ্রন্টও ধাপে ধাপে প্রার্থী ঘোষণা করেছে। প্রথম দফায় ১৯২ জন, দ্বিতীয় দফায় ৩২ জন ও তৃতীয় দফায় ১৫ জন প্রার্থীর নাম প্রকাশ পেয়েছে। তালিকায় সিপিএম, সিপিআই ও আরএসপি প্রার্থীরা রয়েছেন। যদিও মহম্মদ সেলিম ও সুজন চক্রবর্তী সরাসরি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন, তবুও দীপ্সিতা ধর ও বিকাশ ভট্টাচার্যের মতো পরিচিত মুখ রয়েছেন তালিকায়।
অন্যদিকে, কংগ্রেস রবিবার ২৮৪টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। বহরমপুরে প্রার্থী হয়েছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। মালতীপুর থেকে লড়ছেন প্রাক্তন সাংসদ মৌসম বেনজির নূর ও চাকুলিয়া কেন্দ্রে আবারও প্রার্থী করা হয়েছে আলি ইমরান রামজ ওরফে ভিক্টরকে।
ভোট যাতে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ হয়, তার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। রাজ্য পুলিশ ও প্রশাসনের ভিতরে একাধিক দফায় বড়সড় রদবদল করা হয়েছে। পাশাপাশি, বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
প্রশাসনিক প্রস্তুতি, রাজনৈতিক তৎপরতা ও নিরাপত্তার কড়াকড়িতে জমে উঠেছে বাংলার ভোটের ময়দান। এখন শুধু অপেক্ষা জনতার শেষ রায়ের ওপর।












Click it and Unblock the Notifications