আরজি কর কাণ্ডে আর্থিক দুর্নীতির তদন্তে নড়েচড়ে বসল ইডি, সন্দীপ ঘোষকে নিয়ে বড় পদক্ষেপ
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আর্থিক অনিয়মের তদন্তে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জবানবন্দি রেকর্ড করার প্রক্রিয়া শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার এক আধিকারিক এই তথ্য নিশ্চিত করেছেন।
বর্তমানে প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি সন্দীপ ঘোষ। সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করবে ইডি।

পিটিআইকে এক ইডি আধিকারিক জানান, "তদন্তকারী আধিকারিকরা প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট, ২০০২-এর ৫০ নম্বর ধারা অনুযায়ী সন্দীপ ঘোষের জবানবন্দি রেকর্ড করার অনুমতি চেয়ে ইডির বিশেষ আদালতে আবেদন করেছিলেন। তা অনুমোদিত হয়েছে।" আগামী ১৪ ডিসেম্বর ইডি আদালতকে জবানবন্দি রেকর্ডিং প্রক্রিয়ার বিস্তারিত তথ্য জানাবে বলেও তিনি উল্লেখ করেন।
গত বছর ৯ অগাস্ট আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক কর্মরত মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর এই দুর্নীতির তদন্ত গতি পায়। মামলাটি সিবিআই-এর কাছে হস্তান্তরিত হওয়ার পর সন্দীপ ঘোষের কার্যকালে হাসপাতালের আর্থিক অনিয়মগুলো নজরে আসে।
সিবিআই প্রথম দুর্নীতির মামলা দায়ের করে এবং সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে। এরপর রাজ্য স্তরেও সমান্তরাল তদন্ত শুরু হয়। হাসপাতালের ব্যাপক আর্থিক দুর্নীতির তদন্তের জন্য প্রথমে একটি বিশেষ তদন্ত দল (সিট) গঠন করা হয়েছিল।
তদন্ত চলার মধ্যেই আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপারিনটেনডেন্ট আখতার আলি তাঁর প্রাক্তন সহকর্মী সন্দীপ ঘোষের কার্যকালে দুর্নীতির অভিযোগের তদন্ত ইডি করুক, সেই প্রত্যাশা নিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেন। এরপর সিবিআই-এর এফআইআর-এর ভিত্তিতে ইডি একটি এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট (ইসিআইআর) নথিভুক্ত করে। শুধু সন্দীপ ঘোষ নন, ইনস্টিটিউটে আর্থিক অনিয়মের অভিযোগে আরও বেশ কয়েকজন ইডির নজরে রয়েছেন।












Click it and Unblock the Notifications