Recruitment Scam: ভোটের মুখে বাড়িতে উদ্ধার হয় লাখ লাখ টাকা! সেই মন্ত্রীকেই তলব ইডির
Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়। এবার রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ আগামিকাল বুধবারই সিজিও কমপ্লেক্সে রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রীকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমনটাই জানা গিয়েছে।
তবে যা খবর, মন্ত্রী নয়, সিজিও কমপ্লেক্সে তাঁর এক প্রতিনিধিকে তিনি পাঠাবেন বলে জানা গিয়েছে। নির্বাচনের আবহে এভাবে মন্ত্রীকে ইডির নোটিশ ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। প্রতিহিংসা বলে ইতিমধ্যে দাবি করেছে শাসকদল তৃণমূল। যদিও তা মানতে নারাজ বিজেপি।

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) এবার চন্দ্রনাথ সিনহার নাম জড়িয়েছে। কুন্তল ঘোষের থেকে পাওয়া তথ্য থেকে মন্ত্রীর কথা উঠে আসে। এরপরেই গত কয়েকদিন আগে মন্ত্রীর বাড়ি পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কেন্দ্রীয় বাহিনী দিয়ে গোটা বাড়ি এবং এলাকা মুড়ে ফেলা হয়। ঘটনার সময় বাড়িতে ছিলেন না চন্দ্রনাথ সিনহা।
রাতারাতি তলব করা হয় তাঁকে। এরপরেই গ্রামের বাড়ি থেকে কার্যত ছুটে আসেন। কয়েক ঘণ্টা ধরে চলে মন্ত্রীর বাড়িতে তল্লাশি অভিযান। আর এই অভিযানে প্রায় ৪১ লাখ টাকা উদ্ধার হয়। বাজেয়াপ্ত করা হয় একাধিক নথি।
তবে ভোটের মুখে বিপুল এই টাকা কেন মন্ত্রীর বাড়িতে তা ভাবাচ্ছে তদন্তকারী আধিকারিকদের। ইতিমধ্যে এই বিষয়ে নির্বাচন কমিশনকে তথ্য দিয়েছে এনরফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরপরেই রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রীকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়।
বিপুল টাকার উৎস কী সে বিষয়ে তথ্য জানতেই মূলত তাঁকে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি বেশকিছু তথ্যের ভিত্তিতেও মন্ত্রীকে জেরা করতে চান আধিকারিকরা। যদিও নির্বাচনের কাজে ব্যস্ত থাকার কারণে বুধবার মন্ত্রী তাঁর এক প্রতিনিধিকে পাঠাবেন বলেই জানা গিয়েছে।
বলে রাখা প্রয়োজন, হুগলির বলাগড়ে বহিষ্কৃত যুব নেতা কুন্তল ঘোষের থেকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার কথা জানা যায়। কুন্তলের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি রেজিস্ট্রার খাতা পাওয়া গিয়েছিল। সেখানে ১০০ জনের নামের তালিকা রয়েছে। চন্দ্রনাথ সিনহার মাধ্যমে ওই ১০০ জন চাকরি প্রার্থী কুন্তলের সঙ্গে যোগাযোগ করেছিল।
এমন কথা ইডি জানতে পেরেছে। এরপরেই এহেন তল্লাশি বলে জানা গিয়েছে। তবে নিয়োগ দুর্নীতি কাণ্ডে কোনও ভাবেই জড়িত নন বলে জানিয়েছেন চন্দ্রনাথ সিনহা। তাঁর দাবি, জ্ঞানত আমি কোনও অন্যায় করিনি। সব কিছু স্পষ্ট আছে বলেও জানিয়েছেন মন্ত্রী।












Click it and Unblock the Notifications