দুশ্চিন্তা বাড়িয়ে ফের জল ছাড়ল ডিভিসি, বাংলার বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা
গভীর নিম্নচাপের বৃষ্টি উৎকণ্ঠা বাড়িয়েছে। তার উপরে আরও দুশ্চিন্তা বাড়ল ডিভিসির বার্তায়। জল ছাড়া আবারও শুরু করল দামোদর ভ্যালি কর্পোরেশন। আজ বৃহস্পতিবার সকাল থেকে এই জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে। মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়া হল।
জল ছাড়ার পরিমাণ অনেকটাই কমিয়ে এনেছিল দামোদর ভ্যালি কর্পোরেশন। রাজ্যের সঙ্গে কেন্দ্রের ভূমিকা নিয়ে তীব্র দ্বন্দ্ব তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ মানতে চায়নি কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রক। দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুরের একাধিক এলাকা প্লাবিত হয়ে রয়েছে এখনও। তার মধ্যেই ফের গভীর নিম্নচাপের কারণে ভারী বৃষ্টি হয়েছে একাধিক জেলায়।

আর সেখানেই উৎকণ্ঠা আরও বাড়তে থাকে। তাহলে কি বৃষ্টির কারণে আবার জল ছাড়ার পরিমাণ বাড়াবে দামোদর ভ্যালি কর্পোরেশন? বৃহস্পতিবার সকালে সেই উৎকণ্ঠাই আরও বাড়ল। কারণ মাইথন ও পাঞ্চেত দুই জলাধার থেকেই জল ছাড়া শুরু হয়েছে। এদিন বেলা আটটা থেকে জল ছাড়া হচ্ছে বলে খবর।
মাইথন থেকে ১০ হাজার ও পাঞ্চেত থেকে ১২ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। দুর্গাপুর ব্যারাজ থেকে ৩৬ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে। এই বিপুল পরিমাণ জল ফের নিম্ন দামোদম উপত্যকায় এসে পড়বে। বন্যা পরিস্থিতির কতটা অবনতি হবে? তাই নিয়ে দুশ্চিন্তা বেড়েছে। আরামবাগ, খানাকুল, গোঘাট এলাকায় বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছিল। উদয়নারায়ণপুরের এলাকাতেও জল কমছিল। কিন্তু আবার ছাড়ার কারণে পরিস্থিতি খারাপ হবে। এমন আশঙ্কা করা হচ্ছে।
বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের আট জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে। বুধবার রাত থেকে ভয়ানক বৃষ্টি হয়েছে কলকাতা সহ একাধিক জেলায়। ফলে নদীগুলিতেও জলের পরিমাণ বেড়েছে। ঝাড়খণ্ড থেকে এবার কতটা জল ছাড়া হয়? সেদিকেও নজর থাকছে। ঝাড়খণ্ডের তেলুঘাট জলাধার থেকে জল ছাড়লে আরও সমস্যা বাড়তে পারে। এই আশঙ্কা থাকছেই।
ডিভিসি জল ছাড়ায় কংসাবতী, রূপনারায়ণ ও দামোদরে জলের পরিমাণ ফের বাড়বে। আজও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলেছে হাওয়া অফিস। বন্যা পরিস্থিতির কতটা অবনতি হবে? তাই নিয়ে কাটাছেঁড়া চলছে।












Click it and Unblock the Notifications