মালদহে দিলীপের 'চায়ে পে চর্চা', কিন্তু এবার সাংবাদিকদের এড়িয়ে গেলেন কেন?
এবার মালদহ জেলায় দিলীপ ঘোষ। সোমবার দিল্লিতে সংসদ ভবন বসছে। আজ থেকে লোকসভা অধিবেশন শুরু। কিন্তু তাঁর দিল্লি যাওয়ার ব্যস্ততা নেই। কারণ, এবারের হয়ে যাওয়া লোকসভা ভোটে তিনি পরাজিত। কিন্তু সাধারণ কর্মী-সমর্থকদের মধ্যে দিলীপ ঘোষ থাকতে চান। তাই কলকাতা, বর্ধমান পেরিয়ে দিলীপ ঘোষ এখন মালদহ জেলায়।
চায়ে পে চর্চায় সোমবার সকালে যোগ দিলেন দিলীপ ঘোষ। কিন্তু কোনওভাবেই সাংবাদিকদের কোনও বিষয় নিয়ে মন্তব্য করলেন না। এই প্রথম নজিরবিহীনভাবে সাংবাদিকদের সামনে কোনও বিষয় নিয়ে বক্তব্য রাখতে দেখা গেল না দিলীপ ঘোষকে। কিন্তু কেন এমন হল? সেই প্রশ্ন উঠছে।

দিলীপ ঘোষ বরাবর বিভিন্ন জায়গায় গিয়ে সকালে কর্মী সমর্থকদের সঙ্গে বেরোন। মানুষের সঙ্গে জনসংযোগ করেন। বিভিন্ন জায়গায় দোকানে চা খান। তার সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্র, রাজ্য বিভিন্ন বিষয়ে মন্তব্য করেন। কিন্তু দীর্ঘ সময় পরে এবার দিলীপ ঘোষ বক্তব্য রাখলেন না। তাহলে কি নতুন কোনও জল মাপা শুরু হল? সেই প্রশ্ন উঠছে।
সোমবার সকালে মালদহ শহরের শুভঙ্কর বাঁধে প্রাতঃভ্রমণ করেন দিলীপ ঘোষ। সেখানে শরীরচর্চাও করা হয়। এরপর মালদহ টাউন হল সংলগ্ন এলাকায় বিজেপি কর্মীদের সঙ্গে যোগ দেন। নিজ ভঙ্গিমাতেই চায়ে পে চর্চা হয়।
স্থানীয় বিজেপি নেতা - কর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। একাধিক প্রশ্ন তাঁকে করা হয়। কিন্তু কোনও প্রশ্নের উত্তর দিতে চাননি তিনি। এই ঘটনা শেষ কবে হয়েছে? তাই নিয়ে প্রশ্ন আছে। রাজ্য বিজেপিতে নতুন কোনও দলীয় পদ পেতে চলেছেন দিলীপ ঘোষ ? তাই নিয়েও রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা।
দিলীপ ঘোষ বিভিন্ন জেলায় গিয়ে কর্মীদের সঙ্গে কথা বলছেন। তাদের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন। তাহলে কি দিলীপ ঘোষ পুরনো টিমকে আবার মাঠে নামানোর চেষ্টা করছেন? সেই প্রশ্ন উঠছে।












Click it and Unblock the Notifications