করোনা মহামারীকে রাজনৈতিক মহামারীতে পরিণত করেছেন মমতা, তোপ দাগলেন দিলীপ
করোনা মহামারীকে রাজনৈতিক মহামারীতে পরিণত করেছেন মমতা, তোপ দাগলেন দিলীপ
করোনাকে রাজনৈতিক মহামারীতে পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন নিট আর জেইই নিয়ে রাজ্যের ছাত্রছাত্রীদের ক্ষতি করছেন। শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারের কঠোর সমালোচনা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় করোনা-লকডাউন নিয়ে রীতিমতো ছেলেখেলা করছেন।

লকডাউন নিয়ে রীতমতো ছেলেখেলা হচ্ছে
বিজেপি রাজ্য সভাপতি বলেন, রাজ্যে লকডাউনের গুরুত্ব কমে গিয়েছে। লকডাউন নিয়ে রীতমতো ছেলেখেলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে। মুখ্যমন্ত্রী ভাইরাসকে নিয়ে রাজনীতি করছেন। তিনি রাজনীতি না করলে এমন পরিস্থিতি বাংলায় হত না। করোনাকালেও যেভাবে বাংলায় তৃণমূল নেতারা সভা করছেন, তা ঠিক নয়।

করোনা মহামারী রাজনৈতিক মহামারীতে পরিণত
তৃণমূলের সভাসমিতিতে কোনও সামাজিক দূরত্ব বিধি মানা হচ্ছে না। আর পুলিশ সেক্ষেত্রে নীরব দর্শক, কেনও পদক্ষেপ তারা নিচ্ছে না। বিজেপি করলেই উল্টো ভূমিকা নিচ্ছে পুলিশ-প্রশাসন। এ জন্য দায়ী খোদ মুখ্যমন্ত্রী। তিনিই করোনা মহামারীকে রাজনৈতিক মহামারীতে রূপান্তরিত করেছেন।

নিট ও জেইই নিয়েও কড়া জবাব দিলীপের
দিলীপ ঘোষ নিট ও জেইই নিয়েও কড়া জবাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, এ রাজ্যের পরীক্ষার্থীরা পরীক্ষায় না বসলে, তাঁদেরই ক্ষতি। কেননা সব রাজ্যের পরীক্ষার্থীরা নিট ও জেইই-তে বসবেন। ছাত্রছাত্রী ও অভিভাবকরা নিজেদের কথা ভাবুন। ভেবে দেখুন কেন্দ্রের কথা শুনে পরীক্ষায় বসাই বাঞ্ছনীয় হবে।

ছাত্রদের কোমর ভাঙার চেষ্টা চালাচ্ছেন মমতা
তিনি বলেন, পড়ুয়াদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর ব্যবস্থা করা রাজ্যের দায়িত্ব। মুখ্যমন্ত্রী সেই দায়িত্ব পালনে ব্যর্থ। রাজনীতির কথা ভাবতে গিয়ে ছাত্রদের কোমর ভাঙার চেষ্টা চালাচ্ছে তাঁর সরকার। আসলে এ রাজ্যে গণতন্ত্র স্বাধীনতা কিছুই নেই। আমাদের লড়াই তা ফের ফিরিয়ে আনবে বাংলায়। ধ্বংসের মুখে চলে যাওয়া বাংলার সংস্কৃতি ফিরিয়ে আনব আমরা। মানুষ তৃণমূলকে জবাব দেবে একুশেই।












Click it and Unblock the Notifications