অধীর দা-র রাস্তায় পাথর ফেলা তৃণমূলের চরিত্র নিয়ে প্রশ্ন! বীরভূমে BJP-র লড়াই নিয়ে বড় দাবি দিলীপ ঘোষের
Dilip Ghosh: তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে কটাক্ষ মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। অর্জুন সিং কেন তৃণমূলকে চিনতে পারলেন না, সেই প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি দিলীপ ঘোষ অনুব্রতহীন বীরভূমে লড়াই নিয়ে বড় বার্তা দিয়েছেন।
বহরমপুরে অধীর চৌধুরীর বিরুদ্ধে ইউসুফ পাঠানকে তৃণমূলের প্রার্থী করা নিয়ে দিলীপ ঘোষ বলেন, ইউসুফ পাঠানকে যদি প্রার্থী করারই ছিল, তাহলে গুজরাটেই করে দিতে পারতো। ওখানে একটা সিট হতো তৃণমূলের। ওখান থেকে এখানে উড়িয়ে আনার কোনও মানে হয় না। তিনি কটাক্ষ করে বলেন, অধীর দা-র রাস্তায় পাথর ফেলে দিয়েছে তৃণমূল। বিজেপি ওই কেন্দ্রে লড়াইয়ে আছেন বলে দাবি করেছেন দিলীপ ঘোষ।

ব্যারাকপুর থেকে অর্জুন সিংকে প্রার্থী করেনি তৃণমূল কংগ্রেস। অর্জুন সিং বলেছেন, আগে যদি জানতেন, তাহলে তৃণমূলে ফিরতেন না। এব্যাপারে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, অর্জুন সিং এর মতো এত পুরনো রাজনীতিবিদ নেতা এতদিন তৃণমূলে থাকলেন, তৃণমূলকে চিনতে পারলেন না? পরস্পরকে ভালই চেনেন। কটাক্ষ করে তিনি বলেছেন, এখন লুকোচুরি খেলা চলছে। শেষ গোলটা তৃণমূল দিয়ে দিয়েছে।
অর্জুন সিংয়ের উদ্দেশে তিনি বলেছেন, উনি ভাবুন, বিজেপির লোকেদেরও অখুশি করেছেন। বিজেপি কর্মীরা প্রাণ হাতে নিয়ে ওনাকে জিতিয়ে ছিলেন। উনার ব্যক্তিগত সমস্যা থাকতে পারে। উনি চলে গিয়েছেন। মানুষ এটাকে ভালোভাবে নেয়নি এখনও। যেখানে গিয়েছিলেন, সেই দলের ওপর ভরসা করেছিলেন। সেই দলের যা চরিত্র সেরকমই করেছে। তবে উনি ফিরবেন কিনা বা বিজেপি উনাকে নেবে কিনা, সেটা দল সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন তিনি।
কেষ্টহীন বীরভূমে লোকসভা নির্বাচনে তৃণমূল কেমন লড়াই করতে পারে, সেই প্রশ্নে দিলীপ ঘোষ বলেছেন, বীরভূমের লড়াই এবার নিঃসন্দেহে তৃণমূলের জন্য কষ্টকর হবে। তিনি বলেন, বিধানসভাতেও ভাল লড়াই দিয়েছিল বিজেপি। এক লক্ষের কাছাকাছি ভোট পেয়েও সামান্য ভোটে হেরেছিল বিজেপি। তিনি দাবি করেছেন, বীরভূমের মানুষ মুক্তি চাইছেন। সেখানকার দুটো সিটেই জবরদস্ত লড়াই হবে, বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল বলে দাবি করেছেন দিলীপ ঘোষ।












Click it and Unblock the Notifications