Digha: বাতিল স্পেশাল ট্রেন, জগন্নাথধামের উদ্বোধনে দিঘা যেতে ভোগান্তি! শুরু TMC-BJP তরজা
Digha Train: ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন। ২৯ এপ্রিল রয়েছে মহাযজ্ঞ। ভিড় সামলাতে নবান্নে প্রস্তুতি বৈঠক থেকে আগেভাগেই সবাইকে চলে যেতে পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৬ এুপ্রিল থেকে ৪ মে পর্যন্ত স্পেশাল ট্রেনেরও ব্যবস্থা করেছিল দক্ষিণ পূর্ব রেল। যদিও রবিবার বিজ্ঞপ্তি দিয়ে রেলের তরফে জানিয়ে দেওয়া হল, স্পেশাল ট্রেনগুলি বাতিল করে দেওয়া হয়েছে। আর এনিয়েই রাজনৈতিক তরজা তৃণমূল বিজেপির।
জগন্নাথ ধামের উদ্বোধন উপলক্ষ্যে প্রচুর মানুষ এখন দিঘামুখী। গাড়ির ভিড় বাড়ানো যাবে না। তাই অনেকেরই ভরসা ছিল ট্রেন। নবান্নের প্রস্তুতি বৈঠক থেকে রেলকে স্পেশাল ট্রেন চালানোর অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রীও। ৯ দিনের বিশেষ ট্রেনের ব্যবস্থা করে দক্ষিণ পূর্ব রেল। হাওড়া থেকে দিঘা আপ ও ডাউন ইএমইউ স্পেশাল ও পাঁশকুড়া থেকে দিঘা আপ ও ডাউন ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর কথা ঘোষণা করে দক্ষিণ পূর্ব রেল।

০৮১১৩ ও ০৮১১৪ হাওড়া-দীঘা-হাওড়া স্পেশাল ট্রেন দুপুর ১টা ১০ মিনিটে হাওড়া থেকে ছেড়ে বিকেল ৫টা ৩৫ মিনিটে দিঘায় ঢোকার কথা। আবার দিঘা থেকে বিকেল ৫টা ৪৫ মিনিটে ছেড়ে রাত ১০টা ৩৫ মিনিটে হাওড়ায় ঢোকার কথা। অন্যদিকে ০৮১১৫/০৮১১৬ পাঁশকুড়া-দীঘা-পাঁশকুড়া স্পেশাল ট্রেন ভোর ৪টে ৪৫ মিনিটে পাঁশকুড়া থেকে ছেড়ে সকাল ৭টা ২৫ মিনিটে দিঘায় পৌঁছনোর কথা। আবার ৭টা ৩৫ মিনিটে দিঘা থেকে ছেড়ে সকাল ১০টা ২০ মিনিটে পাঁশকুড়ায় ফিরে আসার কথা ছিল। পথিমধ্যে সব স্টেশনেই দাঁড়ানোর কথা দুটি ট্রেনেরই।
যদিও রবিবার বিজ্ঞপ্তি দিয়ে দক্ষিণ পূর্ব রেল জানিয়ে দিল, এই দুটি ট্রেনে বগির অভাব এবং পরিচালনাগত সমস্যার কারণে তা বাতিল করা হচ্ছে। যদিও গোটা ঘটনা রাজনৈতিক যোগ দেখছে তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় সরকারের সমালোচনা রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের। তিনি বলেন, "রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই কাজ করা হয়েছে। এটা অত্যন্ত ছোট মানসিকতার পরিচয়। সেদিন ইতিহাস সৃষ্টি হবে। কেন্দ্রীয় সরকার ও বিজেপি চক্রান্ত করে মানুষকে আটকাতে পারবে না।"
পাল্টা বিজেপি নেতা ওমপ্রকাশ সিং বলেন, "রেল কর্তৃপক্ষ তাদের কাজ করেছে ভালো বুঝে। জগন্নাথ মন্দির নিয়ে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক সুবিধা নেবার চেষ্টা করছে। এতে কিছু লাভ হবেনা।" প্রসঙ্গত, নবান্নে প্রস্তুতি বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বারবার বাড়তি ভিড় যাতে না হয়, সেদিকটি নিশ্চিত করতে বলেন। রেলকে স্পেশাল ট্রেন চালানোর পাশাপাশি যাতে পদপিষ্ট পরিস্থিতি তৈরি না হয়, সেদিকটি খেয়াল রাখতে অনুরোধ করেন মমতা। যদিও বিশেষ ট্রেন ঘোষণা করেও তা বাতিল করে দিল দক্ষিণ পূর্ব রেল।












Click it and Unblock the Notifications