Dhupguri By-Election Results 2023: ধূপগুড়িতে ঈশ্বর শরণে ভোট বাড়ল সিপিআইএমের! ইন্ডিয়া নিয়ে খোঁচা তৃণমূলের

Dhupguri By-Election Results 2023: ধূপগুড়ি বিধানসভা নির্বাচনে প্রার্থী ঘোষণায় দেরি করেনি সিপিআইএম। জোটধর্মকে মান্যতা দিয়ে কংগ্রেস কাউকে দাঁড় করায়নি। সমর্থন জানিয়েছিল সিপিআইএম প্রার্থীকে।

কিন্তু এই বিধানসভা আসনে জেতা দূরের কথা তিন নম্বর জায়গা থেকে নট নড়নচড়ন সিপিআইএমের। সামান্য হলেও ভোট বাড়ল। এরপর ইন্ডিয়া (I.N.D.I.A.) জোট নিয়ে সিপিআইএমকে খোঁচা দিলেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ।

ধূপগুড়িতে ঈশ্বর শরণে ভোট বাড়ল সিপিআইএমের!

ধূপগুড়ি বিধানসভা আসনে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ৪৩৫৫ ভোটে বিজেপির বিষ্ণুপদ রায় হারিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের তৎকালীন বিধায়ক মিতালি রায়কে। বিজেপি পেয়েছিল ১,০৪,৬৮৮ ভোট বা প্রদত্ত ভোটের ৪৫.৬৫ শতাংশ। তৃণমূল কংগ্রেস পায় ১,০০,৩৩৩ ভোট বা ৪৩.৭৫ শতাংশ ভোট। সিপিআইএমের ড. প্রদীপ কুমার রায় ১৩,১০৭ ভোট পান, যা প্রদত্ত ভোটের ৫.৭৩ শতাংশ।

১৯৭৭ থেকে ১৯৯৬ সালের বিধানসভা ভোটে ধূপগুড়ি থেকে টানা জেতেন সিপিআইএমের বনমালী রায়। ২০০১ ও ২০০৬ সালে জেতেন সিপিআইএমের লক্ষ্মীকান্ত রায়। ২০১১ সালের বিধানসভা ভোটে রাজ্যে পালাবদল ঘটলেও এই আসনে জিতেছিলেন সিপিআইএমের মমতা রায়। ২০১৬ সালে প্রথম ধূপগুড়িতে জেতে তৃণমূল কংগ্রেস। মমতা রায়কে হারিয়েছিলেন মিতালি রায়।

২০১৬ সালের বিধানসভা ভোটে তৃণমূল ১৯২৬৪ ভোটে হারিয়েছিল সিপিআইএমকে। সেবার বিজেপি ছিল তিনে। তৃণমূল ৪৩.৪৯, সিপিআইএম ৩৪.২৬ ও বিজেপি ১৭.৩৩ শতাংশ ভোট পায়। ২০১১ সালের ভোটে সিপিআইএমের প্রাপ্ত ভোটের হার ছিল ৪২.২৫ শতাংশ, তৃণমূলের ৩৯.৮২ শতাংশ, বিজেপির ১০.৬৫ শতাংশ।

এবারের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের নির্মল চন্দ্র রায় জিতেছেন ৪৩০৯ ভোটে। তিনি ভোট পেয়েছেন ৯৭৬১৩। বিজেপি দাঁড় করেছিলেন পুলওয়ামার শহিদের স্ত্রী তাপসী রায়কে। তিনি পেয়েছেন ৯৩৩০৪ ভোট। সিপিআইএম পেয়েছে ১৩৭৫৮ ভোট। ফলে দেখা যাচ্ছে সামান্য হলেও বেড়েছে সিপিআইএমের ভোট।

সিপিআইএম এই আসনে দাঁড় করিয়েছিল রাজবংশী সম্প্রদায়েরই ঈশ্বরচন্দ্র রায়কে। যিনি অবসরপ্রাপ্ত শিক্ষক, ভাওয়াইয়া সংগীতশিল্পী তথা সামাজিক ন্যায় বিচার মঞ্চের নেতা। তিনি ৬.৫২ শতাংশ ভোট পেয়েছেন। তৃণমূলের প্রাপ্ত ভোটের হার ৪৬.২৮ শতাংশ, বিজেপির ৪৪.২৩ শতাংশ। ঈশ্বরচন্দ্র রায় জানিয়েছেন, বিধানসভা এলাকার নানা জায়গায় সংগঠন এখন দুর্বল। তাই জেতার আশা তিনি করেননি।

ধূপগুড়িতে ঈশ্বর শরণে ভোট বাড়ল সিপিআইএমের!

ইন্ডিয়া জোটে তৃণমূলের সঙ্গেই রয়েছে সিপিআইএম ও কংগ্রেস। আজ ফল বের হওয়ার পর কুণাল ঘোষ টুইটে তিন দলের প্রাপ্ত ভোটের খতিয়ান তুলে ধরে লেখেন, বাংলায় টিএমসি মানেই ইন্ডিয়া, ইন্ডিয়া মানেই টিএমসি। সিপিআইএম লজ্জা হয় না? অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন একের বিরুদ্ধে এক লড়াই হলে বিজেপির হারের ব্যবধান আরও বাড়তো।

ইন্ডিয়া জোটের আসন বণ্টন নিয়ে বিজেপি বিরোধী দলগুলিকে একই ছাতার তলায় আনা যে কার্যত দুঃসাধ্য তার ইঙ্গিত কুণালের টুইটেই। মুম্বইয়ে ইন্ডিয়া জোটের বৈঠকে সীতারাম ইয়েচুরি থাকাকালীন ধূপগুড়িতে অধীররঞ্জন চৌধুরী ও মহম্মদ সেলিমের এক মঞ্চে থেকে দলীয় প্রার্থীকে জেতানোর আহ্বান সিপিআইএমের দ্বিচারিতা ও বিজেপির দালালি বলেও কটাক্ষ করেছিলেন কুণাল।

এদিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি ধূপগুড়ির ফলাফল নিয়ে বলেন, ওটা বিজেপির সিট ছিল। শহিদের স্ত্রীকে তারা প্রার্থী করেছিল সহানুভূতির হাওয়ার কথা ভেবে। ওখানে আমাদের শক্তি ছিল না।

(ছবি- ফেসবুক)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+