রামচন্দ্রের অকালবোধনের নিয়মেই দেবী মা পূজিত হন দক্ষিণ দিনাজপুরের এই গ্রামে
রামচন্দ্রের অকালবোধনের নিয়মেই দেবী মা পূজিত হন দক্ষিণ দিনাজপুরের এই গ্রামে
আর মাত্র অপেক্ষা দু’দিনের। তারপরই মা দুর্গার আগমনে খুশির জোয়ার আসবে গ্রাম থেকে শহরে। করোনা সঙ্কটে আদৌও এ বছর পুজো হবে কিনা, তা নিয়ে দেখা গিয়েছিল ঘোর সংশয়। কিন্তু সেই সংশয় কাটিয়ে সরকার পুজো হওয়ার ঘোষণা করে। তবে করোনা বিধিকে মাথায় রেখে। দক্ষিণ দিনাজপুরের এই গ্রাম অবশ্য শহরের থিমপুজো থেকে অনেক দূরেই রেখেছে নিজেদের পুজোকে। এখানে দুর্গাপুজোর আদি রীতি মেনেই পুজো করা হয়।

দক্ষিণ দিনাজপুরের হলধর ব্লকের সেওই গ্রামে রামচন্দ্রের অকালবোধনের নিয়ম মেনেই এখানে পুজো হয়। গত ৫৫ বছর ধরে একই নিয়মে পূজিত হয়ে আসছেন দেবী মা। জানা গিয়েছে, মা দুর্গার পাশাপাশি এখানে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশের পরিবর্তে পূজিত হন রামচন্দ্র, লক্ষ্মণ, হনুমান ও ভরত।
প্রসঙ্গত, হিন্দু ধর্মগ্রন্থে উল্লিখিত রয়েছে যে, রাবণ বধের পূর্বে রাম দেবী পার্বতীর কাছে আশীর্বাদ প্রার্থনা করে বিল্ববৃক্ষতলে বোধন পূর্বক দুর্গাপূজো করেছিলেন। শরৎকাল দেবী পূজোর 'শুদ্ধ সময়’ নয় বলে রাম কর্তৃক দেবী পার্বতীর বোধন 'অকালবোধন’ নামে পরিচিত হয়। আর সেওই গ্রাম সেই রীতিতেই পুজো করে চলেছে। এই পুজোকে কেন্দ্র করে গ্রামের মানুষ প্রতিবছরই জমায়েত হন, তবে এ বছর হয়ত সেই ভিড়টা আর লক্ষ্য করা যাবে না এখানে।












Click it and Unblock the Notifications