নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা দেবের, বাংলার পাওনা টাকা মিটিয়ে দেওয়ার আর্জিও জানালেন
প্রধানমন্ত্রী পদে তৃতীয়বারের জন্য বসছেন নরেন্দ্র মোদী। তাঁকে শুভেচ্ছা পাঠালেন সাংসদ দেব। ঘাটালে তিনি তাঁর প্রতিশ্রুতি মতো রবিবার কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। সেখানেই নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানান। শুধু তাই নয়, বাংলার পাওনা টাকা এবার মিটিয়ে দেওয়ার দাবিও করেন তিনি।
এদিন দেব বলেন, একশো দিনের কাজের টাকা, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা, প্রধানমন্ত্রী সড়ক যোজনা, জিএসটির টাকা আটকে রয়েছে। বাংলা তার পাওনা টাকা পাচ্ছে না। এবার সেই টাকা যেন মিটিয়ে দেওয়া হয়৷ একজন প্রকৃত প্রধানমন্ত্রীর মতো যেন তিনি সেই কাজটি করেন। এই অনুরোধ করেছেন সাংসদ দেব।

গত ১০ বছর ধরে বিরোধী দলগুলিকে ভাঙার জন্য এজেন্সির ব্যবহার করা হয়েছে। আগামী পাঁচ বছর যেন এই কাজ না হয়। সেই অনুরোধ করেছেন দেব। প্রধানমন্ত্রী পদকে তিনি সম্মান করেন, জানিয়েছেন ঘাটালের সাংসদ। ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তব করার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়েছেন দেব। কিন্তু সেটি হয়নি। এবার নতুন সরকার কি ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করবে? সেই প্রশ্নও থাকছে।
ঘাটাল লোকসভা কেন্দ্রে বৃক্ষরোপণ অনুষ্ঠান কর্মসূচি শুরু হয়ে গিয়েছে আজ থেকে। দেব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি যত ভোট পাবেন তত গাছ লাগানো হবে। পরে সেই সিদ্ধান্ত বদল হয়। জানানো হয়, যত ভোট ঘাটাল লোকসভা কেন্দ্রে পড়বে, তত গাছ লাগানো হবে। তৃতীয়বারের জন্য ঘাটাল থেকে নির্বাচিত হলেন দেব।
এবার ১৫ লক্ষ গাছ লাগানো হবে। এই কথা জানানো হয়েছে। তবে নোটায় যে সব ভোট পড়েছে, সেগুলিকে এক্ষেত্রে যোগ করা হয়নি। ঘাটাল লোকসভা কেন্দ্রে পরিবেশ সচেতনতার এক বড় বার্তা দেবের। তবে এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। এই কথা জানিয়েছেন সাংসদ।
লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় এই কর্মসূচি আজ থেকে শুরু হল৷ সাংসদ দেব নিজে হাতে একটি গাছ লাগিয়েছেন।












Click it and Unblock the Notifications