রাজ্য জুড়ে জারি ঘন কুয়াশার সতর্কতা! কত ডিগ্রিতে নামবে তাপমাত্রা? জানুন আবহাওয়ার বড় আপডেট
বড়দিনের আগেই যেন শীত তার সম্পূর্ণ শক্তি দেখাতে শুরু করেছে। উত্তুরে হাওয়ার দাপটে কনকনে ঠান্ডা পড়েছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। সকাল ও সন্ধ্যা শিরশিরে ঠান্ডায় কাঁপছে শহর থেকে জেলা। বড়দিন আসার দিন যত এগোচ্ছে, ততই যেন তাপমাত্রা আরও কমতে শুরু করেছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, আগামী ২ থেকে ৩ দিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। এই কারণে কলকাতায় পারদ নেমে গিয়ে হতে পারে ১২-১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যারা শীত প্রেমী আছেন তাদের জন্য বড়দিনে থাকছে একেবারে জমাটি আবহাওয়া।
ডিসেম্বরের শেষের দিকে এসে অবশেষে নিজের রূপে ফিরেছে শীত। গত রবিবার এই মরশুমে সবচেয়ে ঠান্ডার দিন ছিল। সেদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে হয়েছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সোমবার তাপমাত্রা সামান্য বেড়ে হয়েছিল ১৫.২ ডিগ্রি।
আগের কয়েক দিন ভোরের দিকে ঠান্ডা থাকলেও, বেলা বাড়লেই গরম অনুভূত হচ্ছিল। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এসেও ঠিক করে শীতের আমেজ পাওয়া যাচ্ছিল না। তবে এখনকার ছবিটা একদম আলাদা। সকালে কুয়াশা, সারাদিন উত্তুরে হাওয়া, সব মিলিয়ে শীতের জাঁকজমক ফিরেছে। কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় সকালবেলায় ঘন কুয়াশায় ঢেকে থাকছে রাস্তা।
আবহাওয়া দফতর অনুসারে, আপাতত রাজ্যের বেশ কিছু জেলায় কুয়াশার দাপট বজায় থাকবে। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে সকালের দিকে ঘন কুয়াশা দেখা যেতে পারে। কোথাও কোথাও আবার দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার রেশ কাটবে।
বড়দিনে শীত কেমন থাকবে, তা নিয়ে সবার আগ্রহ তুঙ্গে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী-
- কলকাতা এবং তার সংলগ্ন এলাকায় বড়দিনে তাপমাত্রা নেমে ১৪ ডিগ্রির কাছাকাছি হতে পারে।
- পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ২৫ ডিসেম্বর ও তার পরের কয়েক দিনে পারদ ৯ ডিগ্রিতে নামতে পারে।
- দার্জিলিংয়ে বড়দিনে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৬ ডিগ্রি থাকতে পারে।
- শিলিগুড়িতে ১১ ডিগ্রি থাকতে পারে।
- মুর্শিদাবাদ, বহরমপুর এবং আসানসোলে প্রায় ১২ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে।
- বিষ্ণুপুরে ১১ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে।
- হাওড়া এবং মেদিনীপুরে ১৩ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে।
- দিঘা, সুন্দরবন, ডায়মন্ড হারবার এবং আলিপুর এলাকায় তাপমাত্রা নেমে হতে পারে ১৪ ডিগ্রি।
অতএব বলা যায় যে, বড়দিনে রাজ্যজুড়ে শীতের আমেজ থাকবে চোখে পড়ার মতো। শুষ্ক আবহাওয়া, ঠান্ডা হাওয়া সহ ক্রিসমাসের ছুটিতে শীত উপভোগ করার জন্য আবহাওয়া একেবারেই আদর্শ।












Click it and Unblock the Notifications