কোচবিহারের মাথাভাঙ্গায় এসআইআর নোটিশ ঘিরে মৃত্যু, রাজনীতিতে তোলপাড়
ভোটার তালিকা সংক্রান্ত বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) নোটিশকে কেন্দ্র করে কোচবিহারের মাথাভাঙ্গার পারডুবির খাটেরবাড়ি এলাকায় ঘটল মর্মান্তিক ঘটনা। নোটিশ আনতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে মৃত্যু হল ৬৫ বছরের রহমান বস্তাদারের। ঘটনাটি ঘিরে এলাকায় ছড়াল আতঙ্ক আর তার জেরেই ফের চড়া হল রাজনৈতিক দড়ি টানাটানি।
শনিবার সকালে রহমান বস্তাদার এসআইআর এর নোটিশ সংগ্রহ করতে যান সংশ্লিষ্ট বুথের বুুথ লেভেল অফিসার (বিএলও) চিনুমুনি মণ্ডল রায়ের বাড়িতে। পরিবারের অভিযোগ, ছেলের নামে নাম বিভ্রাট সংক্রান্ত শুনানির নোটিশ আসার খবরের পর থেকেই মানসিক চাপে ভুগছিলেন রহমান। নোটিশ নিতে গিয়েই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক অনুমান হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু।

রহমানের ছেলে হাপিজুল বস্তাদারের দাবি, ''ছেলের নামে নোটিশ আসায় বাবা ভীষণ চিন্তায় ছিলেন। নোটিশ আনতে গিয়েই অসুস্থ হয়ে পড়েন।'' মৃতের বাড়িতে শুরু হয় কান্নার রোল, ভিড় করে প্রতিবেশী ও আত্মীয়স্বজন।
ঘটনার খবর ছড়াতেই পৌঁছে যান তৃণমূলের জেলা ও ব্লক নেতৃত্ব। পঞ্চায়েত সমিতির সভাপতি সাবলু বর্মন, তৃণমূল যুবর জেলা সভাপতি স্বপন বর্মন, জেলা কমিটির চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন সহ তৃণমূল নেতৃত্ব মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন। তাঁদের অভিযোগ ''এসআইআরকে হাতিয়ার করে নির্বাচন কমিশন ও বিজেপি ভোটারদের মধ্যে অযথা আতঙ্ক ছড়াচ্ছে। এই মৃত্যুর দায় কমিশনেরই।''
বিজেপি অবশ্য সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে। দলের জেলা সাধারণ সম্পাদক মনোজ ঘোষের পাল্টা মন্তব্য ''মৃত্যুকে তৃণমূল রাজনীতির হাতিয়ার করছে। এটা অন্য কারণে মৃত্যু। কমিশন নাম ভুল সংশোধন করছে, এতে আতঙ্কের কারণ নেই। বরং রোহিঙ্গা ও ভুয়ো ভোটার বাদ পড়ায় তৃণমূলের মাথাব্যথা।''
উল্লেখ্য, ওই বুথ থেকে আগেই অভিযোগ উঠেছিল জীবিত দু'জন ভোটারকে খসড়া তালিকায় 'মৃত' দেখানো হয়েছে। এসআইআর, 'নো ম্যাপিং' ভোটার ও নোটিশ বিতরণ নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই রাজ্যজুড়ে উত্তাপ বাড়ছে। কোথাও বয়স্কদের নোটিশ দিয়ে আতঙ্ক, কোথাও অসুস্থ মানুষকে শুনানিতে ডাক তার উপর মাথাভাঙ্গার এই ঘটনা বিতর্ককে আরও তীব্র করল বলে মনে করছে রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications