Cyclone Remal : ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফল শুরু! মুষলধারায় ঝড়-বৃষ্টি বাংলার একাধিক জেলায়
Cyclone Remal: ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফল শুরু। যার কেন্দ্র ছিল উপকূল থেকে ২০ কিমি। আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন রাত সাড়ে নটা নাগাদ ঘূর্ণিঝড়ের বেগ ছিল ঘন্টায় ১৪ কিমি। গত প্রায় সাত ঘন্টা ধরে এই বেগেই এগিয়েছে রেমাল। পরবর্তী তিন থেকে চার ঘন্টা ধরে এই ল্যান্ডফল প্রক্রিয়া চলতে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
এই সময় ঘূর্ণিঝড় রেমালের অবস্থান পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে ১১৫ কিমি পূর্ব-দক্ষিণ-পূর্বে, বাংলাদেশের খেপুপাড়া থেকে ১২ ০ কিমি পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে এবং ক্যানিং থেকে ১০০ কিমি দক্ষিণ-দক্ষিণ পূর্বে এবং বাংলাদেশের মোংলা থেকে ১২০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, এই ঘূর্ণিঝড় উত্তর দিকেই এগোতে থাকবে এবং মধ্যরাত নাগাদ পশ্চিমবঙ্গের সাগর এবং বাংলাদেশের খেপুপোড়ার কাছে মোংলা অতিক্রম করবে অতিপ্রবল ঘূর্ণিঝড় হিসেবে। এই সময় ঝড়ের সর্বোচ্চ বেগ থাকতে পারে ঘন্টায় ১৩৫ কিমি।
আবহাওয়া দফতরের আরও পূর্বাভাস, আগামী ছয় ঘন্টায় ঘূর্ণিঝড়ের বেগ থাকবে ঘন্টায় সর্বোচ্চ ১৩৫ কিমি। উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে এই পরিস্থিতি বজায় থাকবে। তারপর থেকে এই বেগ কমবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
সোমবার ভোর সাড়ে পাঁচটার আশপাশের সময়ে এই ঝড়ের বেগ কমে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। বেলা সাড়ে এগারোটায় তা গভীর নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
এদিকে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উত্তর-দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে লাল সতর্কতা থাকলেও সোমবারের জন্য নদিয়া ও মুর্শিদাবাদে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সোমবার বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা ও হাওড়ার কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবারের পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।
অন্যদিকে, উত্তরবঙ্গে ঘূর্ণিঝড়র রেমালের দাপট শুরু হবে সোমবার থেকে। ওই দিন মালদহ ও দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া কোচবিহার, উত্তর দিনাজপুর ও জলপাইগুড়ি জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় অতিপ্রবল বৃষ্টি হতে পারে যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই সময় দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে।












Click it and Unblock the Notifications