৩০০ কোটির দুর্নীতি! "এরা দেহত্যাগ না করলে, পদত্যাগ করে না", মমতাকে নিয়ে এ কী বললেন শুভেন্দু?
মেসির কলকাতা সফর ঘিরে যুবভারতীতে তৈরি হয়েছিল বিশৃঙ্খলা। আর তা নিয়েই রাজ্য রাজনীতিতে তীব্র ঝড় উঠেছে। সোমবার এই ইস্যুতেই রাজ্য সরকারকে সরাসরি কাঠগড়ায় তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

ঘটনাস্থলটি ঘুরে দেখার জন্য আজ শুভেন্দু যুবভারতীতে পৌঁছলেও তাঁকে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হয়নি। বাইরে দাঁড়িয়েই বিজেপি বিধায়কদের সঙ্গে স্লোগানে ফেটে পড়েন শুভেন্দু। তাঁর অভিযোগ, ভোটের ঠিক আগের মুহূর্তে মেসিকে কলকাতায় এনে প্রচারের নামে প্রায় ৩০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। তিনি এই ঘটনায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং দমকলমন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করার দাবিও করেছেন। রাজ্য সরকারের গঠন করা সিটের উপর তাঁর আস্থা নেই বলে স্পষ্ট করে বলেছেন শুভেন্দু।
যুবভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুর ও বিশৃঙ্খলার ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। আজ স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে মমতা সরকারের বিরুদ্ধে বিস্ফোরক কিছু অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যুবভারতীর গেটে দাঁড়িয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করে তিনি বলেন- "এরা দেহত্যাগ না করলে কেউ পদত্যাগ করে না। ক্রীড়ামন্ত্রীর ইস্তফা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। সাদা কাগজে ইস্তফা আসলে একটি সাজানো দলীয় নাটক।" এই ধরণের মন্তব্যের পর শুভেন্দু আরও দাবি করেন, 'শুধুমাত্র ক্রীড়ামন্ত্রী নয়, এই ব্যর্থতার দায় নিয়ে পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও পদত্যাগ করা উচিত।'
একই সুরে তোপ দাগেন শমীক ভট্টাচার্য। সাংবাদিক সম্মেলনে তিনি প্রশ্ন তোলেন, মেসিকে ২৫ কোটি টাকা অগ্রিম কে দিয়েছে? তাঁর দাবি, শুধু ক্রীড়ামন্ত্রীকে সরিয়েই নাটক শুরু হয়েছে। আসলে গোটা তৃণমূলই এই ঘটনার সাথে জড়িত। গ্রেফতার হওয়া দর্শকদের পাশে দাঁড়িয়ে শমীক বলেন যে, টিকিট কেটে অনুষ্ঠান দেখতে আসা মানুষদের অপরাধী বানানো হচ্ছে অথচ যারা মূল দোষী তাদের ধরা হচ্ছে না।
তদন্তের জন্য যুবভারতী স্টেডিয়াম পরিদর্শন করেছেন পুলিশ কর্তারা। মেসির সফরের সময় টিকিট বণ্টন, জল সরবরাহ এবং দর্শক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা একাধিক সংস্থার প্রতিনিধিকে তলব করা হয়েছে। মঙ্গলবার মোট ৬ জনকে থানায় হাজিরা দিতে বলা হয়েছে। পুলিশ জানিয়েছে যে, কোথায় কী গাফিলতি হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থায় কী কী ঘাটতি ছিল, তা খতিয়ে দেখতেই এই জিজ্ঞাসাবাদ।












Click it and Unblock the Notifications