BJP Core Committee Meeting: শুভেন্দুকে ছাড়াই চার বিধানসভা উপ নির্বাচনে ১২ প্রার্থীর নাম চূড়ান্ত করল বিজেপি
BJP Core Committee Meeting: লোকসভা নির্বাচনের শেষ হতে না হতেই ফের বাংলায় নির্বাচন! রায়গঞ্জ, মানিকতলা সহ চার বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন আগামী ১০ জুলাই। কার্যত লোকসভা নির্বাচনে ভরাডুবির পর বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ। আর এই চার কেন্দ্র অর্থাৎ রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মানিকতলা বিধানসভার জন্য ১২ জন প্রার্থীর নাম চূড়ান্ত করল বঙ্গ বিজেপি।
আর সেই নাম পাঠানো হল কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। রবিবার কিংবা সোমবারের মধ্যে দিল্লি থেকে এই চার কেন্দ্রের উপ নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা (BJP Core Committee Meeting) করা হবে বলে জানা গিয়েছে। লোকসভা নির্বাচনে বাংলায় ৩০ টি টার্গেট বেঁধে দিয়েছিলেন মোদী-অমিত শাহ।

নির্বাচনের প্রত্যেক দফায় লাগাতার প্রচার করে গিয়েছেন তাঁরা। কিন্তু কাজে আসছে বঙ্গ বিজেপির কোনও রণকৌশলই। এমনকি মোদী-শাহের লাগাতার প্রচারকেও কানে তোলেনি বাংলার মানুষ। বরং 'বাংলার মেয়ে'র উপরেই ভরসা রেখেছেন ভোটাররা। এক ধাক্কায় ২৯ টি লোকসভা আসনে বড় জয় পেয়েছে তৃণমূল। অন্যদিকে ১৮ থেকে আসন সংখ্যা নেমে এসেছে ১২-তে।
এই অবস্থায় আজ শনিবার বৈঠকে বসে বঙ্গ বিজেপি নেতৃত্ব। যেখানে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার সহ সমস্ত শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তাৎপর্যপূর্ণ ভাবে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন না শুভেন্দু অধিকারী। তিনি উত্তরবঙ্গে ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্থ মানুষের সঙ্গে দেখা করেন আজ শনিবার।
যদিও এদিনের বৈঠকে লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে কোনও পর্যালোচনা হয়নি বলেই জানান বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। বৈঠক শেষে তিনি জানান, ভোট পরবর্তী হিংসা এবং চার কেন্দ্রের উপ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। তবে বিরোধী দলনেতার বৈঠকে না থাকা নিয়ে লকেট বলেন, কাজ থাকতে পারে। তাঁকে জানিয়ে দেওয়া হবে সিদ্ধান্ত।
অন্যদিকে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল জানান, চার কেন্দ্রের উপ নির্বাচনে প্রার্থী নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রত্যেকদিন কেন্দ্রের জন্য চার জনের নাম দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে। তাঁরাই নাম ঘোষণা করবেন। অন্যদিকে বৈঠকে না থাকা নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ১৮ জন কোর কমিটির সদস্য বৈঠকে আছে। কেন্দ্রীয় নেতৃত্ব নির্দেশ দিয়েছেন এখন হিংসায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে থাকতে। আর সেই নির্দেশ মেনেই কাজ করছি। বৈঠকে যা সিদ্ধান্ত হয়েছে তা কার্যত শিরোধার্য বলেই উল্লেখ বিধায়কের।












Click it and Unblock the Notifications