বাজি পোড়ানোয় শিশু ও মহিলাকে মারধরে অভিযুক্ত কোচবিহারের পুলিশ সুপার বদলি, কোন পদে গেলেন?
কোচবিহার জেলার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যকে সরিয়ে দেওয়া হলো। আজই নবান্ন থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
দ্যুতিমান সম্প্রতি বিতর্কে জড়়িয়েছেন কালীপুজোর রাতে বাজি পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে। তাঁর বিরুদ্ধে এক মহিলা ও কয়েকটি শিশুকে মারধরের অভিযোগ উঠেছিল।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি ভিডিও শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, "কোচবিহারের ৯নং ওয়ার্ডের রেলঘুমটি এলাকায় কালীপুজোর রাতে কয়েকজন অপ্রাপ্তবয়স্ক বাচ্চা উৎসব উদযাপন করার সময় বাজি পোড়াচ্ছিল। সেই সময় কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য ওই বাচ্চাদের পাশাপাশি এক মহিলাকে অপ্রকৃতিস্থ অবস্থায় মারধর করেন।
কয়েকদিন আগে জলপাইগুড়ির সার্কিট বেঞ্চের অনুমতিতে আমি কোচবিহার যাই এনার সাথে সাক্ষাত করতে। তখন এই কীর্তিমান পুলিশ সুপারের নেতৃত্বে খাগড়াবাড়ি এলাকায় জেহাদিদের দ্বারা আমাকে আক্রান্ত হতে হয়।"
এই অভিযোগের প্রেক্ষিতেই দ্যুতিমানকে সরানো হলো কিনা তা স্পষ্ট নয়। নবান্নের তরফে সেই বিষয়ে কিছু বলাও হয়নি। শব্দবাজির তাণ্ডব ঠেকাতে দ্যুতিমান যা করেছিলেন সোশ্যাল মিডিয়ায় অনেকে তা সমর্থনও করেন। এমনকী দ্যুতিমান নিজের ফেসবুক পেজেও অনেক আগেই সকলের কাছে আহ্বান জানিয়েছিলেন, শব্দবাজি সংক্রান্ত আদালতের রায় মেনে চলার জন্য।
এই ঘটনার পরেই দ্যুতিমানকে জেলা পুলিশ সুপারের পদ থেকে সরিয়ে দেওয়া তাৎপর্যপূর্ণ। তাঁকে এসএপি থার্ড ব্যাটালিয়নের সিও পদে আনা হলো। কোচবিহারের নতুন পুলিশ সুপার হলেন সন্দীপ কাররা। তিনি পশ্চিমাঞ্চলে এডিপিসির ডিসি ছিলেন। সেই পদে বসানো হলো আইবির এসএএস সোনওয়ানে কুলদীপ সুরেশকে।












Click it and Unblock the Notifications