মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে মসজিদ বানানোর মন্তব্যে বিতর্ক, তৃণমূল থেকে সাসপেন্ড হলেন হুমায়ুন কবির
মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে মসজিদ বানানোর মন্তব্য ঘিরে বিতর্ক আরও ঘনীভূত। সেই ঘটনার জেরেই শাসকদল তৃণমূল কংগ্রেস কঠোর পদক্ষেপ নিয়েছে। দলের বিধায়ক হুমায়ুন কবিরকে অবশেষে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন তৃণমূলের বর্ষীয়ান নেতা ফিরহাদ হাকিম।
দলের তরফে জানানো হয়েছে কবিরকে আগেই সতর্ক করা হয়েছিল। মন্তব্য প্রত্যাহার করে আচরণে সংশোধন আনার নির্দেশও দেওয়া হয়। কিন্তু তিনি কোনও ব্যবস্থা না নেওয়ায় শৃঙ্খলাভঙ্গের দায়ে তাঁকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হল।

হুমায়ুন কবিরের পাল্টা ঘোষণা তৈরি করছেন নতুন দল,
সাসপেনশনের খবর পাওয়ার পরই পাল্টা সুরে তেড়ে কথা বলেন হুমায়ুন কবির। তিনি জানান, ২২ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে নিজের নতুন রাজনৈতিক দল গড়বেন। তাঁর কথায়, "আমি দলে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে। তিনি যদি আমাকে থাকতে না বলেন, আমি থাকব না। মিডিয়া থেকেই সাসপেনশনের কথা জানলাম। আগামীকালই তৃণমূল থেকে ইস্তফা দেব। মুর্শিদাবাদের মানুষই এর উত্তর দেবেন। আমি বিজেপি ও তৃণমূল উভয়ের বিরুদ্ধেই লড়াই চালিয়ে যাব।"
তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আরও তীব্র হয় যখন তিনি দাবি করেন, ৬ ডিসেম্বর এনএইচ ৩৪ "মুসলিমদের নিয়ন্ত্রণে" থাকবে। এই মন্তব্যে দলের অন্দরে ক্ষোভ বাড়ে। তৃণমূল স্পষ্ট জানায় এধরনের মন্তব্য দলের নীতি ও অবস্থানের পরিপন্থী ও কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়।
আগামী বছরের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের অন্দরে এই সিদ্ধান্ত নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। বিরোধী শিবিরও ঘটনাকে হাতিয়ার করতে প্রস্তুত। সব মিলিয়ে হুমায়ুন কবিরের সাসপেনশন রাজ্য রাজনীতিতে নতুন নাটকীয়তা এনে দিল, যা আগামী দিনে রাজ্য রাজনীতিতে উত্তাপ বাড়াতে পারে বলে মনে করছেন অনেকেই।












Click it and Unblock the Notifications