বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ
উত্তর ২৪ পরগনার বনগাঁ দক্ষিণ কেন্দ্র যা মতুয়া গড় হিসেবেই পরিচিত, সেখানে ভোটের আবহের মধ্যেই হঠাৎই তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঋতুপর্ণা আঢ্যের বিরুদ্ধে ভুয়ো শংসাপত্র ব্যবহার করে নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি প্রার্থী তথা বর্তমান বিধায়ক স্বপন মজুমদার।
ইতিমধ্যেই এলাকায় জোরকদমে প্রচার শুরু করেছে দুই প্রধান রাজনৈতিক শিবির। তারই মাঝে এই অভিযোগ সামনে আসায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। স্বপন মজুমদারের দাবি, তৃণমূল প্রার্থী অবৈধভাবে তফসিলি জাতির (এসসি) শংসাপত্র সংগ্রহ করেছেন ও সেই ভিত্তিতেই প্রার্থী হয়েছেন।

বিজেপি প্রার্থীর বক্তব্য অনুযায়ী, আরটিআইয়ের মাধ্যমে প্রাপ্ত তথ্য বলছে, ঋতুপর্ণা আঢ্যের বাবা শঙ্কর আঢ্য ও মা জোৎস্না আঢ্য পূর্বে নির্বাচনে সাধারণ (জেনারেল) শ্রেণির শংসাপত্র জমা দিয়েছিলেন। অথচ এখন হঠাৎ করেই তাঁদের কন্যার জন্য এসসি শংসাপত্র পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। অভিযোগ, প্রশাসনিক প্রভাব খাটিয়ে অল্প সময়ের মধ্যেই এই শংসাপত্র জোগাড় করা হয়েছে।
এই প্রসঙ্গে হাই কোর্টের পাশাপাশি নির্বাচন কমিশনের কাছেও লিখিত অভিযোগ জানিয়েছেন স্বপনবাবু। তাঁর দাবি, অবিলম্বে ঋতুপর্ণা আঢ্যের মনোনয়নপত্র বাতিল করা হোক।
এতেই থেমে থাকেননি বিজেপি প্রার্থী। তাঁর আরও অভিযোগ, ২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত বনগাঁ পুরসভার চেয়ারম্যান থাকার সময় শঙ্কর আঢ্য ও জোৎস্না আঢ্য কেন্দ্রীয় প্রকল্পের বিপুল অর্থে দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। বিশেষ করে প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রায় ১৯ কোটি টাকা ও জল প্রকল্পে প্রায় ৯৮ কোটি টাকার অনিয়মের অভিযোগ তুলেছেন তিনি।
তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন শঙ্কর আঢ্য। তাঁর কথায়, "এত বছর কোনও প্রশ্ন তোলেননি, আর এখন ভোটের মুখে এইসব অভিযোগ তুলে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছেন। ঋতুপর্ণার জনপ্রিয়তা বাড়ছে বলেই এই অপপ্রচার চালানো হচ্ছে। আইনের উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে।"
ভোটের আগে এই বিতর্ক কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল সহ সাধারণ ভোটাররা।












Click it and Unblock the Notifications